সিলেটটুডে স্পোর্টস ডেস্ক | ২৮ জুলাই, ২০১৫
পাকিস্তান, না ওয়েস্ট ইন্ডিজ অস্টম দল হিসেবে কে খেলবে চ্যাম্পিয়নস ট্রফি- এ নিয়ে প্রশ্ন ছিল। অবশেষে শেষ দল হিসেবে পাকিস্তান জায়গা করে নিল চ্যাম্পিয়নস ট্রফিতে। বাদ পড়ল ওয়েস্ট ইন্ডিজ; যদি না আসছে সেপ্টেম্বরের মধ্যে আকস্মিক কোন সিরিজের উদয় না হয়।
শেষ ম্যাচে বিশাল ব্যবধানে হারলেও শ্রীলংকার বিপক্ষে ৩-২ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতে ৯০ পয়েন্ট নিয়ে পাকিস্তান উঠে গেছে র্যাংকিংয়ের আট নম্বরে। তাদের চেয়ে ২ পয়েন্ট কম নিয়ে ৯ নম্বরে আছে ওয়েস্ট ইন্ডিজ।
তবে ৩০ সেপ্টেম্বরের মধ্যে ক্যারিবীয়দের কোনো একদিনের ম্যাচ নেই, পাকিস্তানেরও নাই। যার মানে দাঁড়াচ্ছে, চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বাদ পড়তে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজই।
২০১৭-র চ্যাম্পিয়ন্স ট্রফির হিসাব-নিকাশ তাই অনেকটাই শেষ। বাকি শুধু নির্ধারিত সময় পার হওয়া।
সোমবার (২৭ জুলাই) আইসিসির হালনাগাদ করা র্যাংকিংয়ে দেখা যাচ্ছে, ৬ থেকে ৯ নম্বর- এ চার দলের রেটিং পয়েন্টের ব্যবধান এখন ১০। চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার সুযোগ না থাকা ৯ নম্বর অবস্থানের ওয়েস্ট ইন্ডিজের রেটিং পয়েন্ট ৮৮।
পাকিস্তানকে সঙ্গে নিয়ে জিম্বাবুয়েতে তাদের একটি ত্রিদেশীয় সিরিজ খেলার কথা থাকলেও চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য নিজেদের জায়গা পোক্ত করে ফেলায় নতুন করে ম্যাচ খেলে ঝুঁকি নিতে রাজি নয় পাকিস্তান। ত্রিদেশীয় সিরিজ তাই স্থগিত হয়ে গেছে।
পাকিস্তান আর ওয়েস্ট ইন্ডিজ যখন এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে তখন ৯৬ পয়েন্ট নিয়ে ওয়ানডে র্যাংকিংয়ের সাত নম্বরে থাকা বাংলাদেশ আছে নির্ভাবনায়।