Sylhet Today 24 PRINT

ঢাকা টেস্টে আত্মবিশ্বাসকে কাজে লাগাতে চান ইমরুল

সিলেটটুডে স্পোর্টস ডেস্ক |  ২৮ জুলাই, ২০১৫

বৃষ্টিতে ড্র হওয়া চট্টগ্রাম টেস্টে কাঙ্ক্ষিত ফলাফল না পেলেও নিজেদের সামর্থ্যের প্রমাণ দিতে পেরেছে বাংলাদেশ দল। ব্যাটিং-বোলিং-ফিল্ডিংয়ে দারুণ পারফরম্যান্সের সুবাদে পাওয়া এই আত্মবিশ্বাসকে কাজে লাগাতে পারলে ঢাকা টেস্টেও সম্ভব দারুণ কিছু করার।

সোমবার (২৭ জুলাই) মিরপুরে দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম অনুশীলন সেশন শেষে দলের পক্ষে এমনটাই জানালেন বাংলাদেশ টেস্ট দলের উদ্বোধনী ব্যাটসম্যান ইমরুল কায়েস।

র‍্যাংঙ্কিং, শক্তিমত্তা কিংবা অভিজ্ঞতায় দক্ষিণ আফ্রিকা যেখানে বিশ্বের এক নম্বর টেস্ট দল সেখানে বাংলাদেশের অবস্থান নবম। তবু চট্টগ্রাম টেস্টের খেলা হওয়া তিন দিনে সব বিভাগে এইয়ে ছিল বাংলাদেশ।

বড় দৈর্ঘ্যের ক্রিকেটে এখনো নিজেদের সেরা অবস্থায় পৌঁছাতে পারেনি বাংলাদেশ দল। নেতিবাচক এসব তথ্যের বিপরীতে বাংলাদেশ লড়তে পারে কেবল একটি হাতিয়ার দিয়ে, আত্মবিশ্বাস। নিজেদের সামর্থ্যে পরিপূর্ণ আস্থাভাজন হলে যে কোন প্রতিপক্ষের বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা বাংলাদেশের আছে বলেই মনে করছেন ইমরুল।

জাতীয় দলের এই উদ্বোধনী ব্যাটসম্যান সোমবার সংবাদ সম্মেলনে বার বার বললেন সে কথাই, ‘আমি আগেও বলেছি আমরা যদি ড্র করতে পারি সেটা বড় একটা অর্জন হবে আমাদের। চট্টগ্রাম টেস্টে ব্যাটিং-বোলিং এবং ফিল্ডিংয়ে আমরা ইতিবাচক ক্রিকেট খেলেছি। ভাগ্য কিছুটা বিরূপ ছিল, বৃষ্টি হয়েছিল। তারপরও আমরাই ইতিবাচক খেলেছি। আমরা যদি ওই আত্মবিশ্বাস রাখি এবং পরিকল্পনা অনুযায়ী খেলতে পারি ধরে তাহলে ঢাকা টেস্টে আগের মতোই এগুতে পারবো।’

চট্টগ্রামে প্রথম টেস্টে উইকেট বাংলাদেশের পক্ষেই আচরণ করেছিল। মুস্তাফিজুর রহমান-জুবায়ের হোসেনদের দারুণ বোলিংয়ের পাশাপাশি প্রোটিয়াদের প্রথম ইনিংসে আড়াইশ’র মধ্যে বেঁধে ফেলতে সহায়তা করেছে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের মন্থরগতির উইকেট।

মিরপুরের উইকেটও বাংলাদেশের বোলারদের সহায়তা করবে বলেই বিশ্বাস ইমরুলের। তাছাড়া উইকেট দেখেই চূড়ান্ত একাদশ নির্বাচন করা হবে জানিয়ে তিনি বলেন, ‘বাইরে থেকে বলা কঠিন আমরা এভাবে খেলবো, ওভাবে খেলবো। উইকেট দেখে পরিকল্পনা করতে হয়। চট্টগ্রামের উইকেট এক রকম ঢাকার উইকেট এক রকম। সবকিছু করছে উইকেটের কন্ডিশনের উপর।’

প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকার শক্তির প্রতি ইঙ্গিত করে ইমরুল কায়েস বলেন- ‘ওরা ওয়ানডে সিরিজ হারার পর থেকেই জয়ের জন্য ক্ষুধার্ত। আমরা খেলছি বিশ্বের এক নম্বর দলের সঙ্গে। এরা বাজে বল কম করে, ভালো জায়গায় বল করে। চট্টগ্রামের উইকেট এমন ছিল, আপনি উইকেটে থাকতে পারবেন কিন্তু শটস খেলতে পারবেন না। ওপেনার হিসেবে চেষ্টা করি আমরা যতক্ষণ সম্ভব উইকেটে থাকার। আমরা বেশিক্ষণ উইকেটে থাকলে পরের ব্যাটসম্যানদের জন্য খেলা সহজ হয়ে যায়। এবং তারা আরামে রান করতে পারে। এটাই ওপেনারদের মূল পরিকল্পনা থাকে।’

হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে সম্পর্কে ইমরুল বলেন- ‘কোচপ্রত্যেক খেলোয়াড়কে স্বাধীনতা দিয়েছেন। শটস খেলার ব্যাপারে বাধা নাই। এটা আমার কাছে খুব ভালো লাগে। কোনা বাধ্যবাধকতা নাই, তুমি তোমার মতো খেল’।

নবাগত লিটন দাশ সম্পর্কে টেস্ট দলের এ উদ্বোধনী ব্যাটসম্যান বলেন- ‘লিটন খুব ভালো খেলোয়াড়। আমি মনে করি ওর উজ্জ্বল ভবিষ্যৎ আছে। যেভাবে ও ব্যাট করে এটা চালিয়ে যেতে পারলে ও অনেক উপরের পর্যায়ে খেলবে।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.