Sylhet Today 24 PRINT

হচ্ছেনা ভারত-পাকিস্তান সিরিজ, মিসবাহর আশার গুড়ে বালি!

স্পোর্টস ডেস্ক |  ২৮ জুলাই, ২০১৫

মিসবাহ-উল হকের আশায় গুড়ে বালি। বছরের শেষের দিকে ভারতের সঙ্গে সম্ভাব্য সিরিজটা খেলেই অবসর নিতে চেয়েছিলেন পাকিস্তানের টেস্ট অধিনায়ক। কিন্তু সে আশা সম্ভবত আর পূরণ হচ্ছে না তার। ভারত তেমন কোন সিরিজের সম্ভাবনা নাকচ করে দিয়েছে। সুতরাং, মিসবাহ’র আশাটাও সম্ভবত আর পূরণ হচ্ছে না।

মূলতঃ গুরুদাসপুরে জঙ্গিহানার পরপরই ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই’র পক্ষ থেকে জানিয়ে দেয়া হল যে, পাকিস্তানের সঙ্গে কোনও ধরনের ক্রিকেটীয় সম্পর্কের কথা এখনই ভাবা হচ্ছে না।

চলতি বছরের শেষে নিরপেক্ষ ভেন্যুতে পাকিস্তানের সঙ্গে ভারতের একটা সিরিজ খেলার কথা চলছিল। চূড়ান্ত সিদ্ধান্ত না হলেও পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানিয়েছিল, সিরিজ নিয়ে তারা আশাবাদী। সে প্রসঙ্গে টেনে সোমবার বিসিসিআই সচিব অনুরাগ ঠাকুরের কাছে জানতে চাওয়া হলে, তিনি সরাসরি জানিয়ে দেন, ‘সন্ত্রাস আর ক্রিকেট কোনও দিনই একসঙ্গে চলতে পারে না।’

এ প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘আগেও সিরিজ নিয়ে কিছু চূড়ান্ত হয়নি। পাকিস্তান ক্রিকেট বোর্ডের আবেদনে আমরা ওদের সঙ্গে কথাবার্তা বলছিলাম শুধু; কিন্তু ভারতের উপর পরপর এমন আক্রমণ দেখে, ভারতীয়দের এভাবে প্রাণ হারাতে দেখে, ভারতীয় হিসেবে পাকিস্তানের সঙ্গে খেলার কোনও সম্ভাবনা আমি দেখছি না,- এক টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে বলেন অনুরাগ।

তিনি এরসঙ্গে আরও যোগ করেন, ‘পাকিস্তানের সঙ্গে ক্রিকেট নিয়ে কথা বলার আগে বুঝতে হবে যে, দেশের প্রতিটা মানুষের প্রাণ আমাদের কাছে প্রচণ্ড দামি। এটা শুধু ক্রিকেট নয়, আমার দেশের ব্যাপারও।’

২০০৮-এ মুম্বইয়ে জঙ্গিহামলার পর আর পাক-ভারত দ্বিপাক্ষিক টেস্ট সিরিজ অনুষ্ঠিত হয়নি। ২০১২ ডিসেম্বরে ভারতে দুটো টি২০ আর তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ছাড়া দু’দেশের সাক্ষাৎ হয়েছে আইসিসি টুর্নামেন্ট বা এশিয়া কাপে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.