Sylhet Today 24 PRINT

আগামী টেস্টেও কিপিংয়ে থাকছেন না মুশফিক

স্পোর্টস ডেস্ক |  ২৯ জুলাই, ২০১৫

ভারতের বিপক্ষে ফতুল্লা টেস্ট ম্যাচ থেকেই কিপিং করছেন না মুশফিকুর রহিম। যদিও ভারতের পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও ওয়ানডে সিরিজে উইকেটের পিছনে দাঁড়িয়েছিলেন তিনি। কিন্তু প্রোটিয়াদের বিপক্ষে চট্টগ্রাম টেস্টের মতো ঢাকা টেস্টেও কিপিং করবেন না বলে জানিয়েছেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম।

পাকিস্তানের বিপক্ষে খুলনা টেস্টের সময় ডানহাতের আঙ্গুলে (অনামিকায়) চোট পেয়েছিলেন মুশফিক। সেই থেকেই এ চোটটি বেশ ভোগাচ্ছে বাংলাদেশের টেস্ট অধিনায়ককে। মাঝে-মধ্যে ওয়ানডে ম্যাচে কিপিং করলেও টেস্টে মাচে কিপিং করার বাড়তি কোনো রকম ঝুঁকি নিতে নারাজ তিনি।

আজ ঢাকা টেস্ট পূর্ববর্তী সংবাদ সম্মেলনে মুশফিক বলেন, ‘আপাতত কালকের ম্যাচে কিপিং করতে পারছিনা। চেষ্টা করবো দ্রুত ফিরে আসার। আমার প্রথম কাজটাই হচ্ছে কিপিং। আশা করি, ভবিষ্যতে কিপিংয়ে ফিরে আসার। আমার আঙ্গুলের যা অবস্থা এটা এখনো শতভাগ ঠিক নেই। চেষ্টা করবো এটা যেন তাড়াতাড়ি রিকভার করতে পারি। এখন আমার যে দুইটা কাজ সেটা যেন ভালোভাবে করতে পারি।’

মুশফিকের পরিবর্তে উইকেটরক্ষক হিসেবে দায়িত্বটা বেশ ভালোভাবে পালন করছেন লিটন কুমার দাস। কিপিংয়ের পাশাপাশি ব্যাটসম্যান হিসেবেও গত দুটি টেস্টে খুব ভালো ব্যাটিং করেছেন নতুন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। পরপর তিনটি টেস্ট ম্যাচে মুশফিক কিপিং করছেন না। তাতে করে প্রশ্ন ওঠেছে, তবে কী উইকেটরক্ষকের দায়িত্বটা বাংলাদেশের টেস্ট অধিনায়ক ছেড়ে দিচ্ছেন? তবে মুশফিক বলছেন ভিন্ন কথা।

এ বিষয়ে মুশফিকুর রহিম বলেন, ‘কেউ কি সহজে সব কিছু ছেড়ে দেয় নাকি। আমার তো প্রশ্নই উঠে না। যদি টিম কম্বিনেশনের কারণে হয় সেক্ষেত্রে এটা একটি ভিন্ন ইস্যু। আমি ব্যাক্তিগতভাবে ব্যাটিংয়ের চেয়ে কিপিংটা বেশি উপভোগ করি। তাই কিপিংটা ছেড়ে দেয়ার চিন্তা নেই।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.