Sylhet Today 24 PRINT

সিরিজটা বাংলাদেশেরও হতে পারে : মুশফিক

সিলেটটুডে স্পোর্টস ডেস্ক |  ২৯ জুলাই, ২০১৫

টেস্ট র‍্যাংকিংয়ের এক নম্বর দলের বিপক্ষে নয় নম্বর দল খেলছে আর চট্টগ্রাম টেস্টের স্কোরকার্ড কারও সামনে নিয়ে গেলে নির্ঘাৎ এক নম্বর আর নয় নম্বর দলের পার্থক্য কেউ খুঁজে পেত না। ম্যাচে বৃষ্টি বাগড়া না দিলে ফলাফল বাংলাদেশের পক্ষেই আসত- এটা অনুমান করেছে সবাই।

সাম্প্রতিক সময়ে বাংলাদেশ দলের ক্রম উন্নতি চোখে পড়ার মতোই। তাই ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে টেস্ট অধিনায়ক মুশফিক এখন বলতে পারেন সিরিজটা বাংলাদেশেরও হতে পারে। বলতে পারেন প্রতিপক্ষ দলের ২০ উইকেট নেওয়ার সামর্থ বাংলাদেশ দলের বোলারদের আছে।

অবাক হওয়ার কিছু নেই। বাংলাদেশ দলের সাম্প্রতিক পারফরম্যান্স আর চট্টগ্রাম টেস্ট বিবেচনায় নিলে অবশ্য 'অতিরিক্ত' কিছু বলেননি টাইগার দলপতি।

চট্টগ্রাম টেস্ট বৃষ্টির কারণে ড্র হওয়ায় ঢাকা টেস্টে সিরিজ নিষ্পত্তি হবে। ম্যাচ শুরু হবে বৃহস্পতিবার (৩০ জুলাই) বাংলাদেশ সময় সকাল সাড়ে নয়টায়। 

কপালের ফেরে চট্টগ্রামে বঞ্চিত হলেও মিরপুরে প্রোটিয়াদের হারিয়ে সিরিজ জিততে চায় মুশফিকবাহিনী। শেষ টেষ্টের আগের দিন সংবাদ সম্মেলনে এমন আশার কথাই শোনালেন পাঁচ দিনের ক্রিকেট বাংলাদেশের অধিনায়ক।

বুধবার (২৯ জুলাই) মিরপুর স্টেডিয়ামে মুশফিক বলেন, 'ব্যস্ত একটি মৌসুমের শেষ ম্যাচ খেলতে যাচ্ছি আমরা। সবাই খুব ভালো খেলার জন্য মুখিয়ে আছে। মৌসুমটা ভালোভাবে শেষ করার প্রত্যাশা করছি।'

প্রোটিয়াদের মিরপুরে হারানোর কথা বললেও নিজেদের কিছুটা সতর্ক করেছেন মুশফিক। তিনি বলেন, 'এটা পাঁচ দিনের ম্যাচ, জিততে হলে আমাদের মানসিকভাবে অনেক অনেক শক্ত হতে হবে। আমরা জানি তারাও সর্বোচ্চ চেষ্টা করবে।'

টেস্টে বাংলাদেশ এখনো ধারাবাহিক দল নয়- এমন বাস্তবতা মেনে নিয়েই মুশফিক বলেন, 'দক্ষিণ আফ্রিকা যতোই পেস নির্ভর দল হোক, উপমহাদেশীয় কন্ডিশনে ঠিকই তারা পরিকল্পনা মতো বোলিং করতে জানে। তবে আমরা যদি মাঠে সব কিছু ঠিকঠাক প্রয়োগ করতে পারি, তাহলে এ টেস্টে আমরাও অনেক ভাল করতে পারবো। এমনকি সিরিজটা আমাদেরও হতে পারে।'

এসব আশাবাদের পাশাপাশি 'মিরপুরের উইকেট ব্যাটসম্যানদের জন্য সহায়ক হবে' বলেই মনে করেন ধারাবাহিক সাফল্যের কারণে 'মিস্টার ডিপেন্ডেবল' হিসেবে পরিচিত এ টাইগার। তবে 'মিরপুরের উইকেটে সব সময়ই পেসারদের জন্যও কিছু থাকে' বলে পেসারদেরও নিরাশ করেননি মুশফিক। শেষ টেস্টের আগে একাদশেও পরিবর্তনের খুব একটা বেশি সম্ভাবনা নেই বলে জানালেন সাংবাদিকদের।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.