Sylhet Today 24 PRINT

নিউজিল্যান্ডে হার দিয়ে শুরু বাংলাদেশের

ক্রীড়া প্রতিবেদক |  ১৩ ফেব্রুয়ারী, ২০১৯

নিউজিল্যান্ডের মাটিতে ব্যর্থতার বৃত্ত ভাঙতে পারেনি বাংলাদেশ। নেপিয়ারে সিরিজের প্রথম ওয়ানডেতে ৮ উইকেটে হেরেছে সফরকারীরা। ফলে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেলো স্বাগতিকরা।

বাংলাদেশের দেওয়া ২৩৩ রানের টার্গেটে ৩৩ বল হাতে রেখেই পৌঁছে যায় কিউইরা। অপরাজিত সেঞ্চুরি তুলে নিয়েছেন ওপেনার মার্টিন গাপটিল। সিরিজের দ্বিতীয় ওয়ানডে ১৬ ফেব্রুয়ারি।

বুধবার (১৩ ফেব্রুয়ারি) নেপিয়ারে অনুষ্ঠিত ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করে বাংলাদেশ গড়ে ২৩২ রান। এর জবাবে ব্যাট করতে নেমে জয়ের লক্ষ্যে পৌঁছাতে মোটেও বেগ পেতে হয়নি নিউজিল্যান্ডের। মার্টিন গাপটিলের চমৎকার শতকে মাত্র ২ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় স্বাগতিকরা।

পুঁজি কম বলে বাংলাদেশের কোনো বোলারই পারেননি প্রতিপক্ষ ব্যাটসম্যানদের ওপর চাপ প্রয়োগ করতে। অবশ্য গাপটিল বেশ দৃঢ়তা দেখিয়েছেন। তিনি খেলেন ১১৭ রানের চমৎকার একটি ইনিংস। হেনরি নিকোলস ও রস টেলর তাঁকে ভালোই সাপোর্ট দেন।

নিজেদের ইনিংসে ব্যাট করতে নেমে স্বাগতিকদের বোলিং তোপে পড়ে বাংলাদেশ। দলের ঝুলিতে অর্ধশতক যোগ না হতেই চারজন নির্ভরযোগ্য ব্যাটসম্যানের উইকেট হারিয়ে বিপাকে পড়ে লাল-সবুজের দল। দল যখন চরম বিপর্যয়ে, তখন একাই প্রতিরোধ গড়েছেন মোহাম্মদ মিঠুন। তিনি খেলেছেন ৯০ বলে ৬২ রানের একটি চমৎকার ইনিংস।  

অবশ্য শুরুটা যেভাবে হয়েছিল, দেড়শ রান করাও অসম্ভব ছিল। দলীয় পাঁচ রানে ওপেনার তামিম ইকবালের (৫) উইকেট হারিয়ে বিপাকে পড়ে বাংলাদেশ। এর পর লিটন দাস (১) ও মুশফিকুর রহিম (৫) দ্রুত সাজঘরে ফেরেন। কিছুটা দৃঢ়তা দেখিয়েছেন সৌম্য সরকার। তিনি ২২ বলে ৩০ রান করে আউট হয়ে যান।

অনেক দিন পর দলে ফিরে বেশিক্ষণ থাকতে পারেননি সাব্বির রহমানও। ২০ বলে ১৩ রান করেন তিনি। তবে আশা দেখিয়েছিলেন তরুণ অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। আট নম্বরে নেমে ২৭ বলে ২৬ রান করে তিনিও ফিরে যান।

তবে অষ্টম উইকেটে মোহাম্মদ সাইফউদ্দিনকে সঙ্গে নিয়ে দলকে এগিয়ে দেন মিঠুন। এই জুটিতে ৮৪ রান করেন তাঁরা। আর সাইফউদ্দিন করেন ৫৮ বলে ৪১ রান।  

অবশ্য এ দুজনের ব্যাটিং দৃঢ়তায় অন্যদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে, এই উইকেটেও ভালো কিছু করা অসম্ভব নয়। বিশেষ করে সাইফউদ্দিন শেষ দিকে যেভাবে খেলেছেন, তা সত্যিই অসাধারণ।

পরে ২৩৩ রানের টার্গেটে খেলতে নেমে রান তাড়ায় সাবধানী শুরু করে নিউজিল্যান্ড। সময়ের সঙ্গে সঙ্গে দারুণ জুটি গড়ে তোলেন জুটি ছাড়িয়ে যায় শতরান। ৭২ বলে ৫ বাউন্ডারিতে হাফ সেঞ্চুরি পূরণ করেন নিকোলাস। শেষ পর্যন্ত এই তারকাকে ৫৩ রানে থামিয়ে ১০৩ রানের বিশাল ওপেনিং জুটি ভাঙেন মেহেদী হাসান মিরাজ। নিকোলাসের বিদায়ের পর ৫৭ বলে হাফ সেঞ্চুরি পূরণ করেন মার্টিন গাপটিল। অধিনায়ক কেন উইলিয়ামসন (১১) জ্বলে ওঠার আগেই তাকে থামিয়ে দেন মাহমুদউল্লাহ রিয়াদ।

সর্বশেষ ৬ ম্যাচে একটিও হাফ সেঞ্চুরি না পাওয়া মার্টিন গাপটিল আজ দুর্দান্ত সেঞ্চুরি তুলে নেন। ক্যারিয়ারের ১৫তম সেঞ্চুরি তুলে নিতে এই হার্ডহিটিং ওপেনার খেলেছেন ১০৩ বল; হাঁকিয়েছেন ৬টি চার এবং ৩টি ছক্কা। শেষ পর্যন্ত তিনি অপরাজিত থাকেন ৮ চার ৪ ছক্কায় ১১৭* রানে। তার সঙ্গী অভিজ্ঞ রস টেইলর খেলেন ৪৯ বলে ৬ বাউন্ডারিতে ৪৫* রানের অপরাজিত ইনিংস। ৯৬ রানের অবিচ্ছিন্ন এই জুটিতেই ৩৩ বল এবং ৮ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় নিউজিল্যান্ড।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.