Sylhet Today 24 PRINT

রোববার থেকে সিলেটে শুরু হচ্ছে সাফ ফুটবল, সহযোগিতা চাইলো ডিএফএ

স্পোর্টস রিপোর্ট |  ০৭ আগস্ট, ২০১৫

রবিবার থেকে সিলেটে অনুষ্ঠিতব্য সাফ অনুর্ধ্ব-১৬ ফুটবল চ্যাম্পিয়নশিপ সফলের লক্ষ্যে সকলের সহযোগিতা চেয়েছে সিলেট জেলা ফুটবল এসোসিয়েশন (এসডিএফএ)। শুক্রবার বিকেলে সিলেট জেলা স্টেডিয়ামের কনফারেন্স হলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ সহযোগিতা চান এসডিএফ’র সভাপতি এবং সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিম।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘৬টি দেশের অংশগ্রহণে সাফ অনুর্ধ্ব-১৬ ফুটবল চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হতে যাচ্ছে। রোববার বিকাল ৪টায় উদ্বোধনী অনুষ্ঠান এবং বিকাল ৫টায় ভারত ও শ্রীলংকা উদ্বোধনী ম্যাচ খেলতে নামবে। উদ্বোধনী অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।’

সেলিম বলেন, ‘টানা বৃষ্টির কারণে মাঠ প্রস্তুত করতে হিমশিম খেতে হয়েছে। কিন্তু দক্ষ মাঠকর্মীবৃন্দসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় সিলেট জেলা স্টেডিয়ামকে আন্তর্জাতিক ম্যাচ খেলার মতো উপযোগি করে তোলা হয়েছে।’

সাফ অনুর্ধ্ব-১৬ ফুটবল আয়োজনের মধ্য দিয়ে সিলেটের তথা বাংলাদেশের গৌরবোজ্জ্বল ইতিহাসকে বিশ্বের দরবারে আরো সমুজ্জ্বল করে তোলা সম্ভব হবে বলেও সংবাদ সম্মেলনে মন্তব্য করে মাহি উদ্দিন সেলিম। তবে ‘এজন্য সকলের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।’ বলেও মন্তব্য তার।

নেপাল-বাংলাদেশ প্রীতি ম্যাচ এবং বঙ্গবন্ধু কাপের পর তৃতীয়বারের মতো সিলেটে আন্তর্জাতিক ফুটবল টূর্নামেন্ট আয়োজনের সুযোগ করে দেয়ার জন্য সেলিম বাংলাদেশ ফুটবল ফেডারেশনসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে মাহি উদ্দিন সেলিম জানান, ‘সিলেট জেলা স্টেডিয়ামে দর্শক ধারণক্ষমতা প্রায় ২০ হাজার। এ সংখ্যা মাথায় রেখেই টিকেট ছাড়া হবে।’ তিনি জানান, সাফ অনুর্ধ্ব-১৬ ফুটবল চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী অনুষ্ঠান ও ম্যাচ বিটিভি সরাসরি দেখাবে। সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচটিও বিটিভি দেখাতে পারে।

সংবাদ সম্মেলনে সিলেটের জেলা প্রশাসক জয়নাল আবেদিনও তার বক্তব্যে সকলের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, এ টূর্নামেন্ট সুষ্ঠুভাবে সম্পন্ন করার মধ্য দিয়ে সিলেটের ঐতিহ্য ও সুনাম অক্ষুন্ন রাখতে হবে।’

সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট সদর উপজেলার চেয়ারম্যান আশফাক আহমদ চৌধুরী, জেলা ক্রীড়া সংস্থা’র প্রাক্তন সহ-সভাপতি হাজী এম.এ.সাত্তার, বিমলেন্দু দে নান্টু, কার্যনির্বাহী সদস্য বিজিত চৌধুরী, এডভোকেট নিজাম উদ্দিন, কোষাধ্যক্ষ মোঃ সিরাজ উদ্দিন, বিভাগীয় ক্রীড়া সংস্থা’র সহ-সভাপতি হাজী হেলাল উদ্দিন আহমদ, জেলা ফুটবল এসোসিয়েশনের কোষাধ্যক্ষ মতিউর রহমান, কার্যনির্বাহী সদস্য নুরে আলম খোকন, এনামুল হক মুক্তা, সমর চৌধুরী, মাসুক আহমদ, মাহমুদ হোসেন শাহীন, সাধারণ সম্পাদক দীপাল কুমার সিংহ, ক্রীড়া সংগঠক দেওয়ান তৌফিক মজিদ লায়েক, ডাঃ আরিফ আহমদ মোমতাজ রিফা, জাবেদ সিরাজ, আতাউর রহমান আতা, দ্বিতীয় বিভাগ ফুটবল লীগ কমিটির সম্পাদক আক্কাছ উদ্দিন আক্কাই প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.