Sylhet Today 24 PRINT

কেনের গোলে জুভেন্টাসের জয়

স্পোর্টস ডেস্ক |  ৩১ মার্চ, ২০১৯

ক্রিশ্চিয়ানো রোনালদো আর পাওলো দিবালাকে ছাড়া খেলতে নামা জুভেন্টাস জয় পেয়েছে। সেরি আয় পয়েন্ট তালিকার নিচের দিকের দল এম্পোলির বিপক্ষে মইজে কেনের গোলে জিতে লিগ শিরোপা ধরে রাখার পথে আরেক ধাপ এগিয়ে গেল মাস্সিমিলিয়ানো আল্লেগ্রির দল।

জুভেন্টাস স্টেডিয়ামে শনিবার স্থানীয় সময় বিকালে ১-০ গোলে জেতে তারা। লিগের শুরু থেকে ২৭ ম্যাচ অপরাজিত থাকার পর আন্তর্জাতিক ফুটবলের বিরতির আগে নিজেদের শেষ ম্যাচে জেনোয়ার মাঠে ২-০ ব্যবধানে হেরেছিল প্রতিযোগিতার গত সাতবারের চ্যাম্পিয়নরা।

দ্বিতীয় স্থানে থাকা নাপোলির চেয়ে ১৮ পয়েন্টে এগিয়ে গেল জুভেন্টাস। শেষ নয় ম্যাচে আর ১৩ পয়েন্ট পেলে অন্য কোনো হিসাব ছাড়াই টানা অষ্টমবারের মতো লিগ শিরোপা ঘরে তুলবে প্রতিযোগিতার সফলতম দলটি।

গোলশূন্য প্রথমার্ধের পর ৬৯তম মিনিটে ব্লেইস মাতুইদিকে তুলে ফরোয়ার্ড কেনকে নামান কোচ। মাঠে নামার তিন মিনিটের মাথায় দলকে এগিয়ে দিয়ে আস্থার প্রতিদান দেন ১৯ বছর বয়সী ফুটবলার।

মাঝমাঠ থেকে জর্জো কিয়েল্লিনির লম্বা উঁচু করে বাড়ানো বল হেডে ডি-বক্সে বাড়ান মানজুকিচ। প্রথম ছোঁয়ায় নিচু শটে গোলরক্ষককে পরাস্ত করেন কেন।

২৯ ম্যাচে ২৫ জয় ও তিন ড্রয়ে শীর্ষে থাকা জুভেন্টাসের পয়েন্ট ৭৮। এক ম্যাচ কম খেলা নাপোলির পয়েন্ট ৬০।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.