Sylhet Today 24 PRINT

ফরাসি কাপের ফাইনালে পিএসজি

স্পোর্টস ডেস্ক |  ০৪ এপ্রিল, ২০১৯

মার্কো ভেরাত্তি, কিলিয়ান এমবাপে আর দানি আলভেজের গোলে ফরাসি কাপের ফাইনালে উঠেছে বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি।

বুধবার রাতে নিজেদের মাঠে দ্বিতীয় সেমিফাইনালে ৩-০ গোলে জিতে পিএসজি। মুকুট ধরে রাখার রাখার লড়াইয়ে টমাস টুখেলের দল রেনের মুখোমুখি হবে।

ফরাসি কাপের সর্বোচ্চ ১২বারের চ্যাম্পিয়ন পিএসজি এগিয়ে যায় ২৯তম মিনিটের গোলে। এমবাপের ছোট পাস ধরে ভেরাত্তির নেওয়া দূরপাল্লার শট জাল খুঁজে পায়।

৬১তম মিনিটে চিয়াগো সিলভার হেড প্রতিপক্ষের এক খেলোয়াড়ের হাতে লাগলে ভিএআর প্রযুক্তির সাহায্য নিয়ে স্পট কিকের নির্দেশ দেন রেফারি। কিন্তু এমবাপের শট ফিরিয়ে দেন গোলরক্ষক।

এরপর পেনাল্টি থেকেই ৮৫তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন এমবাপে। ডি-বক্সের মধ্যে আলভেসকে কার্লোস ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজিয়েছিলেন রেফারি।

দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে নঁতের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন আলভেস। ভেরাত্তির বাড়ানো বল নিখুঁত শটে জালে পৌঁছে দেন এই ব্রাজিলিয়ান ডিফেন্ডার।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.