Sylhet Today 24 PRINT

আত্মঘাতী গোলে বার্সার জয়

স্পোর্টস ডেস্ক |  ১১ এপ্রিল, ২০১৯

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে জয় পেয়েছে বার্সেলোনা। ওল্ড ট্র্যাফোর্ডে বুধবার রাতে শেষ আটের প্রথম লেগে ১-০ গোলে জেতে এরনেস্তো ভালভেরদের দল।

দ্বাদশ মিনিটে আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে ম্যানইউ। সতীর্থের উঁচু করে বাড়ানো বল অফসাইডের ফাঁদ ভেঙে ডি-বক্সে নিয়ন্ত্রণে নিয়ে চিপ শটে ডান দিকে সুয়ারেসকে বাড়ান মেসি। আর উরুগুয়ে স্ট্রাইকারের হেডে বল ডিফেন্ডার লুক শ’র গায়ে লেগে গোললাইন পেরিয়ে যায়। অফসাইডের পতাকা তুলেছিলেন লাইন্সম্যান, তবে ভিএআরের সাহায্যে গোলের বাঁশি বাজান রেফারি।

গোল খাওয়ার পর নিজেদের ঘর সামলে প্রতি-আক্রমণ নির্ভর ফুটবল খেলায় মনোযোগ দেয় স্বাগতিকরা। তবে সুবিধা করতে পারেনি তারা। উল্টো ৩৬তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করার সুযোগ পান ফিলিপে কৌতিনিয়ো। তবে ডি-বক্সে অরক্ষিত ব্রাজিলিয়ান মিডফিল্ডার নেওয়া শট পা দিয়ে ঠেকিয়ে দেন গোলরক্ষক দাভিদ দে হেয়া।

দ্বিতীয়ার্ধের শুরুতে বার্সেলোনার রক্ষণে চাপ বাড়ায় ইউনাইটেড। ৫১তম মিনিটে ভালো সুযোগও পেয়েছিল তারা; কিন্তু ডি-বক্সে ফাঁকায় বল পেয়ে ভলিতে উড়িয়ে মারেন মার্কাস র‌্যাশফোর্ড।

৬৫তম মিনিটে ব্যববধান দ্বিগুণ করার আরেকটি সুযোগ নষ্ট করেন সুয়ারেস। ছোট ডি-বক্সের ডান দিক থেকে তার কোনাকুনি শট লাগে পাশের জালে।

চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল পর্যায়ে এ ম্যাচ থেকেও গোলের অপেক্ষা বাড়ল লিওনেল মেসির। ২০১২-১৩ মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের পিএসজির বিপক্ষে সর্বশেষ গোল করেছিলেন মেসি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.