Sylhet Today 24 PRINT

রোনালদোর গোলে আয়াক্সের সঙ্গে ড্র জুভেন্টাসের

স্পোর্টস ডেস্ক |  ১১ এপ্রিল, ২০১৯

নিজেদের মাঠে একের পর এক আক্রমণ করে গেছে আয়াক্স, তবে ম্যাচশেষে ড্র নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে জুভেন্টাসের বিপক্ষে।

ইয়োহান ক্রুইফ অ্যারেনায় বুধবার রাতে জুভেন্টাস-আয়াক্স ম্যাচ শেষ হয় ১-১ গোলে। ফিরতি লেগে আগামী ১৬ এপ্রিল জুভেন্টাসের মাঠে মুখোমুখি হবে দুই দল। এ ম্যাচ গোলশূন্য ড্র করলেও অ্যাওয়ে গোলের সুবাদে সেমিফাইনালে উঠবে মাস্সিমিলিয়ানো আল্লেগ্রির দল।

দ্বিতীয় মিনিটেই এগিয়ে যেতে পারত ইতালির চ্যাম্পিয়ন জুভেন্টাস। কিন্তু ফেদেরিকো বের্নার্দেস্কির শট অল্পের জন্য ক্রসবারের ওপর দিয়ে বেরিয়ে যায়।

বলের নিয়ন্ত্রণ রেখে জুভেন্টাসের রক্ষণে চাপ দিতে থাকে আয়াক্সও। ষষ্ঠ মিনিটে হাকিমের শট বাইরের জাল কাঁপায়। অষ্টাদশ মিনিটে মরক্কোর এই মিডফিল্ডারের বাকানো শট কর্নারের বিনিময়ে ফেরান ভয়চেখ স্ট্যাসনি। ৩৮তম মিনিটে আলেক্স সান্দ্রোর বাড়ানো বল রোনালদো ব্যাক হিল করার পর বের্নার্দেস্কির শট পোস্টের বাইরে দিয়ে গেলে হতাশা বাড়ে জুভেন্টাসের।

অবশেষে ৪৫তম মিনিটে গোলের অপেক্ষার অবসান হয় সর্বশেষ ১৯৯৫-৯৬ মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জেতা জুভেন্টাসের। ডান দিক থেকে জোয়াও কানসেলোর বাড়ানো ক্রসে হেডে লক্ষ্যভেদ করেন চোটের কারণে জুভেন্টাসের হয়ে গত পাঁচ ম্যাচ খেলতে না পারা রোনালদো।

এ ড্রয়ে আয়াক্সের ওপর আধিপত্য ধরে রাখলে ইতালির দলটি। ইউরোপের প্রতিযোগিতায় গত নয় ম্যাচে কখনও নেদারল্যান্ডসের দলটির কাছে হারেনি জুভেন্টাস। এরমধ্যে অবশ্য ১৯৯৬ সালের সেসময়কার ইউরোপিয়ান কাপের ফাইনালও আছে। সেবার রোমে নির্ধারিত সময়ের খেলা ১-১ সমতায় শেষের পর টাইব্রেকারে জিতেছিল জুভেন্টাস।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.