Sylhet Today 24 PRINT

বাংলাদেশ সফর অস্ট্রেলিয়ার জন্য কঠিন পরীক্ষা : স্টিভ স্মিথ

স্পোর্টস ডেস্ক |  ১১ আগস্ট, ২০১৫

বাংলাদেশ সফরে অস্ট্রেলিয়াকে কঠিন পরীক্ষা দিতে হবে বলে মনে করেন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার স্টিভ স্মিথ ।আসন্ন বাংলাদেশ সফর নিয়ে অভিমত ব্যক্ত করতে গিয়ে এমন মন্তব্য করেন এই প্রতিভাবান ক্রিকেটার।

সম্প্রতি এক ম্যাচ বাকী থাকতেই ইংল্যান্ডের কাছে এ্যাশেজ সিরিজ হেরে বসে আছে অস্ট্রেলিয়া। সিরিজ হার নিশ্চিত হবার পরই আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ার ঘোষণা দেন অসি অধিনায়ক মাইকেল ক্লার্ক। তাই এ্যাশেজ সিরিজের পঞ্চম ও শেষ টেস্টেই হচ্ছে ক্লার্কের শেষ আন্তর্জাতিক ম্যাচ। তাই প্রশ্ন জেগেছে ক্লার্কের আর্মব্যান্ড পরবর্তীতে কে পড়তে যাচ্ছেন!

সেই দৌড়ে ভালোভাবেই এগিয়ে রয়েছেন স্মিথ। কারণ ইতোমধ্যে অধিনায়ক হিসেবে নিজের যোগ্যতার প্রমাণ দিয়েছেন তিনি। ভারতের বিপক্ষে সর্বশেষ চার ম্যাচ সিরিজের তিনটিতেই অধিনায়কত্ব করেছেন স্মিথ। সেখানে ব্যক্তিগত ও অধিনায়ক হিসেবে তার পারফরমেন্স ছিলো উজ্জ্বল।

অসি দলের ক্যাপ্টেন্সির চুড়ান্ত ঘোষণা না আসলেও আসন্ন বাংলাদেশ সফর নিয়ে স্মিথ বলেছেন, আমার মনে হয় বাংলাদেশ সফরটি আমাদের জন্য কঠিনই হবে। কারণ সেখানকার কন্ডিশন আমাদের বিপরীত। তাই ওই কন্ডিশনে মানিয়ে নেওয়াটা আমাদের জন্য অনেক বড় চ্যালেঞ্জের। আশা করছি আমরা তা করতে পারবো এবং মাঠের লড়াইয়ে সফলও হতে পারবো।
বাংলাদেশের বিপক্ষে দুটি টেস্ট খেলতে আগামী ২৮ সেপ্টেম্বর ঢাকায় আসবে অস্ট্রেলিয়া। ৯ অক্টোবর চট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়ামে প্রথম টেস্ট ও ১৭ অক্টোবর মিরপুরে সিরিজের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে। 
 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.