Sylhet Today 24 PRINT

বিতর্কিত পোষ্ট, তিন ম্যাচ নিষিদ্ধ নেইমার

স্পোর্টস ডেস্ক |  ২৭ এপ্রিল, ২০১৯

ব্রাজিলিয়ান ফুটবলার নেইমারকে তিন ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে। রেফারির উদ্দেশে অশ্লীল গালিগালাজ করায় শুক্রবার (২৬ এপ্রিল) তিন ম্যাচের জন্য নির্বাসন দেয়া হয় তাকে। উয়েফার সিদ্ধান্ত অনুযায়ী, আগামী মৌসুমে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন্স লিগের তিনটি ম্যাচে খেলতে পারবেন না নেইমার।

চ্যাম্পিয়ন্স লিগের চলতি মৌসুমে শেষ ষোলোর লড়াইয়ে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ম্যাচ শেষে ইনস্টাগ্রামে একটি বিতর্কিত পোস্ট করেন নেইমার। সেখানে ম্যাচ রেফারিদের উদ্দেশে অশ্লীল গালিগালাজ করেন। যদিও চোটের কারণে ম্যাচটিতে মাঠে নামেননি নেইমার।

গত ৭ মার্চ পিএসজির নিজেদের মাঠে ওই ম্যাচে শেষ মিনিটে একটি পেনাল্টি পায় ওলে সুলশারের দল ম্যানচেস্টার ইউনাইটেড। সেই পেনাল্টিটি নিয়েই বিতর্কের সূত্রপাত। ডি-বক্সের ভেতর ইউনাইটেডের দিয়াগো দালোতের শট পিএসজির প্রেসনেল কিমপেম্বলর হাতে লাগে।

রেফারি প্রথমে কর্নারের বাঁশি বাজালেও ভিডিও দেখে পেনাল্টির সিদ্ধান্ত নেন। সেসময় কিমপেম্বলর হাত পেছনে ছিল বলে এই সিদ্ধান্ত মানতে পারেননি পিএসজির খেলোয়াড়রা। পেনাল্টিতে রাশফোর্ডের গোলে চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে পড়ে পিএসজি।

এ নিয়ে ডাগআউটে ক্ষোভ দেখিয়েই ক্ষান্ত হননি। ইনস্টাগ্রামে পোস্টেও ক্ষোভ দেখান। অশালীন ভাষার ব্যবহার উয়েফা ভালোভাবে নেয়নি। সেই পোস্টের কারণেই এবার শাস্তির মুখে পড়লেন নেইমার।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.