Sylhet Today 24 PRINT

বিশ্বকাপ শুরুর আগে ইনজুরিতে মাশরাফি

স্পোর্টস ডেস্ক |  ২৯ মে, ২০১৯

বিশ্বকাপ শুরুর আগে বাংলাদেশ দলে দুঃসংবাদ। ইনজুরিতে আক্রান্ত হয়েছেন টাইগার দলপতি মাশরাফি বিন মর্তুজা। মঙ্গলবার (২৮ মে) ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ব্যক্তিগত ষষ্ঠ ওভারে বল করার সময় বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট পান মাশরাফি। এরপর তিনি মাঠের বাইরে চলে যান।

এ ধরনের ইনজুরিতে সাধারণত পাঁচ থেকে ছয় দিনের বিশ্রাম দেন ফিজিওরা। কিন্তু বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচ ২ জুন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। হাতে আছে তিনদিনের মতো সময়। কিন্তু বিশ্রাম যেমনই হোক প্রথম ম্যাচ থেকেই খেলতে চাইছেন মাশরাফি।

এ ব্যাপারে বাংলাদেশের একটি সংবাদমাধ্যমের সাথে আলাপে মাশরাফি বলেন, ‘বেশিরভাগ সময়ে আমি প্রথম এক-দুই ওভারের মধ্যে সমস্যা অনুভব করি। কিন্তু তখন যদি কিছু না হয়, তবে পরে আর সমস্যা হয় না। আজও (মঙ্গলবার) হয়নি। তবে ষষ্ঠ ওভারে এসে হ্যামস্ট্রিংয়ে টান পড়ে। আমি চার অথবা পাঁচ ওভার করেই আর বল করতাম না। কিন্তু সেই সময়ে রোহিত ও কোহলি দুজনই খুব দ্রুত রান তুলছিল। আমার মনে হয়েছে, এই পরিস্থিতিতে বোলিং প্র্যাকটিসটা করা দরকার।’

গত ত্রিদেশীয় সিরিজের সময় মাশরাফি পেয়েছিলেন ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট। এবার অন্য পায়ের হ্যামস্ট্রিংয়েও চোট পেলেন তিনি। বিশ্বকাপের আগে টাইগার সমর্থকদের জন্য যেটা বড় দুঃসংবাদ।

মাঠে নামলেও মাশরাফির পরিকল্পনা ছিল সর্বোচ্চ চার অথবা পাঁচ ওভার করার। কিন্তু রোহিত শর্মা ও বিরাট কোহলির দ্রুত রান তোলায় লাগাম টানতেই ষষ্ঠ ওভারে বোলিংয়ে এসেছিলেন মাশরাফি। এই ওভারে বোলিংয়ে এসেই চোটে পড়েন তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.