Sylhet Today 24 PRINT

জেতার জন্যেই এসেছি: লিটন দাস

স্পোর্টস ডেস্ক |  ৩০ মে, ২০১৯

দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ড ম্যাচ দিয়ে আজ শুরু হয়ে গেছে ২০১৯ বিশ্বকাপ। ওভালের এ মাঠেই রোববার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু হবে বাংলাদেশের। শুরুটা কি দারুণ কিছু দিয়ে সম্ভব? দলের প্রতিনিধি হয়ে সংবাদমাধ্যমের সামনে আসা লিটন দাসের উত্তর, ‘জেতা সহজ হবে না। দক্ষিণ আফ্রিকা বোলিং-ব্যাটিং খুব ভালো। তারা এমন কন্ডিশনে খেলেও অভ্যস্ত। এটা আমাদের জন্য চ্যালেঞ্জিং হবে। তবে এমন না যে পারব না। ভালো খেললে অবশ্যই জিতব।’

প্রথম ম্যাচটা কি বাংলাদেশ জয় দিয়ে শুরু করতে পারবে, এক সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে লিটন বললেন, ‘প্রথম ম্যাচ বলেই নয়, এটা আমাদের শেষ ম্যাচ হলেও জেতার কথাই চিন্তা করতাম। এখানে এসেছি জেতার জন্য। জয়-পরাজয় কী হবে তা তো আগে বলা যায় না। তবে নামার সময় মাথায় থাকে জয়। এ মনোভাব নিয়েই নামব।’

কেমন হলো বিশ্বকাপের প্রস্তুতি, এ প্রসঙ্গে লিটন দাস বলেন, ‘আমরা সব দিক দিয়ে মোটামুটি ভারসাম্যপূর্ণ দল। ফিল্ডিংটা যদি আরেকটু গুছিয়ে উঠতে পারি, তাহলে ভালো হবে। ব্যাটিংয়ে এখানে রান উঠবে, রান আটকানো কঠিন। বোলাররা মার খাবে। যদি ফিল্ডিংয়ে কিছু রান বাঁচাতে পারি সেটা আমার জন্য বাড়তি পাওয়া হবে।’

লিটন আরও বললেন, ‘মনস্তাত্ত্বিকভাবে আমরা ভালো অবস্থানে আছি। প্রস্তুতির ব্যাখ্যা কখনো দিতে পারব না। সব সময়ই যেভাবে অনুশীলন করি সেভাবেই করছি। সেভাবেই আমরা তৈরি হচ্ছি।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.