Sylhet Today 24 PRINT

মুখোমুখি দুই ‘আনপ্রেডিক্টেবল’

স্পোর্টস ডেস্ক |  ৩১ মে, ২০১৯

ক্রিকেট নিয়ে বহুল প্রচলিত কথাটি হচ্ছে ‘গৌরবময় অনিশ্চয়তার খেলা’। তবে যে দুটি দল সেই ‘অনিশ্চয়তার’ স্মারক নিজেদের ক্রিকেটে সবচেয়ে বেশি ধরে রেখেছে, তারা হলো পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ। ক্রিকেট ও অনিশ্চয়তাকে বহু বছর ধরেই সমার্থক করে রেখেছে পাকিস্তান। গত কয়েক বছর ধরে সেই তালিকায় যুক্ত হয়েছে উইন্ডিজও। এবারের বিশ্বকাপেও ঠিক ফেভারিটদের তালিকায় এ দুদলকে রাখছেন না পণ্ডিতরা। কিন্তু তাদের কেউ যদি শেষ পর্যন্ত টিকে থেকে বিশ্বকাপও জিতে নেয়, সেটিকে আর যা-ই হোক অঘটন বলা যাবে না। বিশ্বকাপ জেতার মতো সামর্থ্য পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ দুদলেরই আছে। এ দুদল বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আজ নটিংহামে মুখোমুখি হবে একে অপরের। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বেলা ৩টা ৩০ মিনিটে।

সাম্প্রতিক সময়টা মোটেও ভালো যাচ্ছে না পাকিস্তানের। ওয়ার্মআপসহ হিসাব করলে টানা ১১ ওয়ানডে ম্যাচে হেরে বিশ্বকাপ মিশন শুরু করতে যাচ্ছে ১৯৯২ সালের চ্যাম্পিয়নরা। এছাড়া চলতি বছর আন্তর্জাতিক পর্যায়ে খেলা ১৫ ওয়ানডে ম্যাচের মাত্র দুটিতে জিতেছে পাকিস্তান। হেরেছে ১২ ম্যাচে, অন্য ম্যাচটি বৃষ্টির কারণে বাতিল হয়েছে। এ পরিসংখ্যান যেকোনো দলের ভক্ত-সমর্থকদের মনে কাঁপন ধরিয়ে দিতে পারে। কিন্তু দলটি পাকিস্তান বলেই পুরোপুরি আশাহত হওয়া যাচ্ছে না। নিজেদের দিনে বিশ্বের যেকোনো দলকে গুঁড়িয়ে দিতে পারে তারা। নিজেদের ইতিহাসও সেই ইঙ্গিত দিচ্ছে। ১৯৯২ সালে ইমরান খানের পাকিস্তানের সেমিফাইনালে ওঠাটাই ছিল আশ্চর্যজনক ঘটনা। অথচ সেই দলকে নিয়ে পরে বিশ্বকাপ জিতে নেন ইমরান।

অবশ্য অত দূরে যাওয়ারও দরকার পড়ে না। এ ইংল্যান্ডে অনুষ্ঠিত ২০১৭ সালের সর্বশেষ চ্যাম্পিয়ন্স ট্রফির দিকে তাকালেই বিষয়টা স্পস্ট হয়ে যায়। যেখানে সরফরাজ আহমেদের দল সবাইকে চমকে দিয়ে জিতে নেয় শিরোপা। তা-ও আবার ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ও টুর্নামেন্টের হট ফেভারিট ভারতকে হারিয়ে। নিজেদের এ অনিশ্চয়তাই এখন পাকিস্তানের জন্য সবচেয়ে বড় অনুপ্রেরণা। তবে বিশ্বকাপের আগে পাকিস্তানকে ভাবাচ্ছে তাদের বোলিং আক্রমণ। সব সময় বোলিংয়ের জন্য বিখ্যাত পাকিস্তান এবার সেই জায়গাতেই নড়বড়ে। ইংল্যান্ডের বিপক্ষে সর্বশেষ সিরিজেও বোলারদের ব্যর্থতা ছিল চোখে পড়ার মতো। যে কারণে বিশ্বকাপে চূড়ান্ত দলে ফেরানো হয়েছে দুই অভিজ্ঞ মোহাম্মদ আমির ও ওয়াহাব রিয়াজকে। পাশাপাশি পাকিস্তানকে আশা জাগাচ্ছে শাদাব খানের দলে ফেরা। ইংল্যান্ড সিরিজ মিস করা এ লেগ স্পিনার ইংলিশ কন্ডিশনে কতটা ভূমিকা রাখতে পারেন, সেটাও গুরুত্বপূর্ণ। আরেকজনের কথা ভুলে গেলে চলবে না। তিনি হাসান আলী। পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের নায়ক।

পাকিস্তানের ব্যাটিং লাইন এবার বড় কিছু করার ইঙ্গিতই দিচ্ছে। দীর্ঘদিন পর ওপেনিংয়ে ইমাম-উল-হক ও ফখর জামান দলকে আশা দেখাচ্ছেন। এরপর আছেন বাবর আজম। পাকিস্তানের অন্যতম সেরা ব্যাটসম্যান তিনি। ফর্মেও আছেন দারুণ। এরপর শোয়েব মালিক ও মোহাম্মদ হাফিজের যে-ই সুযোগ পান দলের জন্য অভিজ্ঞতার ঝুলিটা বাড়িয়ে দেবেন। অধিনায়ক সরফরাজও ইঙ্গিত দিয়েছেন ফর্মে ফেরার। আসিফ আলীও পারেন ঝড় তুলতে। অলরাউন্ডার হিসেবে ভূমিকা রাখতে পারেন ইমাদ ওয়াসিম, শাদাব ও হাসান। এদিকে নিজেদের ভালো করার প্রত্যয় জানিয়ে পাক অধিনায়ক সরফরাজ বলেন, ‘ছেলেরা উদ্দীপ্ত এবং তারা হারগুলোকে পেছনে ফেলতে চায়। ইংল্যান্ডে মাসখানেক খেলে বেশ ভালোভাবেই প্রস্তুত হয়েছে তারা। আশা করি আপনারা আমাদের ভালো খেলাটা দেখতে পারবেন।’

পাকিস্তানের চেয়ে ওয়েস্ট ইন্ডিজের অবস্থা কিছুটা ভালো। আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের বিপক্ষে টানা তিন ম্যাচে হারা দলটি ওয়ার্মআপ ম্যাচ দিয়ে দারুণভাবে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে। নিউজিল্যান্ডের বিপক্ষে সেই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ গড়ে ৪২১ রানের পাহাড়, যা দলটিকে বিশ্বকাপে দারুণভাবে অনুপ্রাণিত করে তুলবে। তবে উইন্ডিজকে দুশ্চিন্তায় রাখবে নিজেদের অধারাবাহিকতা। এক ম্যাচে ৪০০ করা দলটিকে পরের ম্যাচে যেন খুঁজেই পাওয়া যায় না। এবারের বিশ্বকাপ ফরম্যাটে তাই উইন্ডিজ কিছুটা ব্যাকফুটে থাকবে, যেখানে ধারাবাহিকভাবে ভালো খেলেই কেবল সাফল্য লাভ সম্ভব।

অন্যদিকে অবশ্য ইংলিশ কন্ডিশনের কারণে কিছুটা এগিয়ে থাকবে উইন্ডিজ। দলের ক্রিস গেইল, এভিন লুইস, শাই হোপ ও আন্দ্রে রাসেলের মতো পাওয়ার হিটাররা আছে। যারা ইংলিশ কন্ডিশনে ভয়ংকর হয়ে উঠতে পারেন। এ হিটারদের ওপর ভরসা রেখেই বিশ্বকাপে ৫০০ রানের সংগ্রহ করার হুমকি দিচ্ছে প্রথম দুই আসরের চ্যাম্পিয়নরা। ক্যারিবীয়দের বোলিং লাইনও অবশ্য একেবারে বাতিল করার মতো না। কেমার রোচ, শেলডন কটরেলরা নিজেদের দিনে যেকোনো প্রতিপক্ষের জন্য হুমকি তৈরি করতে পারেন। দলের অধিনায়ক জেসন হোল্ডার নিজেদের বিশ্বকাপ মিশন নিয়ে বলেন, ‘যদি আমরা বিশ্বকাপ জিততে পারি, তবে এটি আমাদের জন্য অনেক কিছু। এটা এমন কিছু যা আমরা আগেও জিতেছি।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.