Sylhet Today 24 PRINT

ফখর জামানের সামনে যে বিশ্বরেকর্ড!

স্পোর্টস ডেস্ক |  ৩১ মে, ২০১৯

রেকর্ডটা এখন হাশিম আমলার। তবে সেটা একান্ত নিজের করে নিতে পারেন ফখর জামান। সেজন্য বিশ্বকাপের প্রথম চার ম্যাচে পাকিস্তানি ওপেনারকে করতে হবে ৩৫৮ রান। শুক্রবার বিশ্বকাপে পাকিস্তান তাদের প্রথম ম্যাচ খেলবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। মঙ্গলবার দ্বিতীয় ম্যাচে ফখররা খেলবেন ইংল্যান্ডের বিপক্ষে আর ৭ জুন, শুক্রবার তৃতীয় ম্যাচে পাকিস্তান খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে। পাকিস্তানের চতুর্থ ম্যাচ অস্ট্রেলিয়ার বিপক্ষে, ১২ জুন।

এই চার ম্যাচে ফখর জামান যদি ৩৫৮ রান করতে পারেন তাহলে হাশিম আমলাকে টপকে দ্রুততম সময়ে ওয়ানডেতে দুই হাজার রানের রেকর্ডটি নিজের করে নেবেন তিনি।

আগামী চার ম্যাচে ফখর জামান যদি হাশিম আমলাকে যদি শীর্ষ স্থানচ্যুত নাও করতে পারেন তারপরও তালিকার দ্বিতীয় স্থান থেকে পাকিস্তান কিংবদন্তি জহির আব্বাস, বাবর আজম ও ইংলিশ কিংবদন্তি কেভিন পিটারসেনকে ছাড়িয়ে যাবার সুযোগ থাকছে। সেক্ষেত্রে এবারের বিশ্বকাপের প্রথম আট ম্যাচে তাকে সেই ৩৫৮ রানই করতে হবে।

ওয়ানডে ক্রিকেটে ৪০ ইনিংসে দুই হাজার রান করেছিলেন হাশিম আমলা। এটিই দ্রুততম দুই হাজার রানের রেকর্ড। আমলা ম্যাচ খেলেন ৪১টি। আমলা এক্ষেত্রে জহির আব্বাস ও পিটারসেনের রেকর্ড ভেঙেছিলেন। ৪৫ ইনিংসে এই দুই কিংবদন্তি দুই হাজার রান করেছিলেন। ঠিক ৪৫ ইনিংসে দুই হাজার রান করেন পাকিস্তান জাতীয় দলে ফখর জামানেরই সতীর্থ বাবর আজম।

সম্প্রতি সময়ে ফখর জামানের ব্যাট যেভাবে চলছে তাতে এই বিশ্বকাপেই দুই হাজার করবেন সেই বিষয়ে খুব একটা সন্দেহ কারোরই নেই। এ পর্যন্ত ৩৬ ম্যাচে সমানসংখ্যক ইনিংস খেলে ১৬৪২ রান করেছেন। চারটি সেঞ্চুরির সাথে রয়েছে দশটি হাফ সেঞ্চুরি। ওয়ানডেতে দ্রুততম সময়ে হাজার রান করার বিশ্বরেকর্ডটি ফখর জামানের। মাত্র ১৮ ইনিংসে হাজার রান করেন তিনি। ১৯ ইনিংসে হাজার রান করে ঠিক তার পেছনেই রয়েছেন আরেক পাকিস্তানি ওপেনার ইমাম উল হক।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.