Sylhet Today 24 PRINT

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের রেকর্ড সংগ্রহ

স্পোর্টস ডেস্ক |  ০২ জুন, ২০১৯

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে লন্ডনের ওভালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৬ উইকেটে ৩৩০ রানের পাহাড়সম সংগ্রহ করেছে বাংলাদেশ। যা বিশ্বকাপে টাইগারদের সর্বোচ্চ রানের রেকর্ড।

এর আগে ২০১৫ বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে ৩২২ রান করে বাংলাদেশ। এছাড়া ওয়ানডে ইতিহাসের সর্বোচ্চ রান তুলল বাংলাদেশ। এর আগে ২০১৫ সালের এপ্রিলে পাকিস্তানের বিপক্ষে ঢাকায় ৩২৯ রান তোলে বাংলাদেশ।

প্রথমে ব্যাট করতে নেমে দুই ওপেনার তামিম ইকবাল এবং সৌম্য সরকার দারুণ শুরু করেন। তারা দু'জন গড়েন ৬০ রানের জুটি। এরপর তামিম ১৬ এবং সৌম্য সরকার ৩০ বলে ৪২ রান করে আউট হন। এরপর সাকিব আল হাসান এবং মুশফিকুর রহিম ১৪২ রানের দারুণ এক জুটি গড়েন।

বিশ্বসেরা অলরাউন্ডার হয়ে ইংল্যান্ডে যাওয়া সাকিব খেলেন ৮৪ বলে ৭৫ রানের ইনিংস। আন্তর্জাতিক ক্যারিয়ারে ১১ হাজার রান পূর্ণ করেন তিনি। এছাড়া মুশফিকুর রহিমের ব্যাট থেকে আসে ৭৮ রান। পরের ব্যাটসম্যানদের ছোট ছোট সংগ্রহে তিনশ ছাড়ানো সংগ্রহ পায় বাংলাদেশ।

মোহাম্মদ মিঠুন খেলেন ২১ বলে ২১ রানের ইনিংস। মাহমুদুল্লাহর ব্যাট থেকে আসে ৩২ রান। মোসাদ্দেক হোসেন খেলেন ২১ রানের ইনিংস। দক্ষিণ আফ্রিকার হয়ে শততম ম্যাচ খেলতে নামা ইমরান তাহির ২ উইকেট নেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.