Sylhet Today 24 PRINT

ধারাবাহিকতার অনন্য রেকর্ড সাকিবের

স্পোর্টস ডেস্ক |  ০২ জুন, ২০১৯

২০০৭ সাল থেকে বিশ্বকাপ খেলছেন সাকিব। গত তিনটি আসরেই নিজেদের প্রথম ম্যাচে অর্ধশতক করেছেন সাকিব। এবারের বিশ্বকাপও বাদ যাবে কেন? দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নিজেদের প্রথম ম্যাচেই অর্ধশতক করেছেন তিনি।

রোববারই বিশ্বকাপে নামল বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৭৫ রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেছেন সাকিব। ৮৪ বলে খেলা ওই ইনিংসে ছিল ৮টি চার ও একটি ছক্কার মার।

২০০৭ সালে বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলে বাংলাদেশ। সেখানে ৮৬ বলে ৫৩ রান করেন সাকিব। ওই ম্যাচে ভারতকে ৫ উইকেটে পরাজিত করে বাংলাদেশ।

২০১১ সালের বিশ্বকাপে ঢাকায় ভারতের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলে বাংলাদেশ। ভারত প্রথমে ব্যাট করে ৪ উইকেটে ৩৭০ রানের বিশাল স্কোর করে। জবাবে ৯ উইকেটে ২৮৩ রান করে বাংলাদেশ। ওই আসরের অধিনায়ক সাকিব আল হাসান করেন ৫০ বলে ৫৫ রান।

২০১৫ সালে অস্ট্রেলিয়ার ক্যানবেরায় নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হয় বাংলাদেশ। প্রথমে ব্যাট করে ২৬৭ রানে অলআউট হয় বাংলাদেশ। ওই ম্যাচে ৫১ বলে ৬৩ রান করেন সাকিব।  আফগানিস্তানকে ১৬২ রানে অলআউট করে বাংলাদেশ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.