Sylhet Today 24 PRINT

বিশ্বকাপ ক্রিকেটে সেরা দর্শক হবিগঞ্জের জুয়েল

স্পোর্টস ডেস্ক |  ০৩ জুন, ২০১৯

বৈচিত্র্যময় পোশাকের জন্য বিশ্বকাপ ক্রিকেটে সেরা দর্শকের পুরস্কার পেয়েছেন হবিগঞ্জ সদর উপজেলার বহুলা গ্রামের ক্রীড়ানুরাগী চৌধুরী মুরতাহিন বিল্লাহ জুয়েল।

রোববার (২ জুন) ইংল্যান্ডের ওভালে অনুষ্ঠিত বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকার খেলায় তিনি আবহমান বাংলার কৃষকদের বাঁশের ছাতা ও গায়ে রয়েল বেঙ্গল টাইগারের পোশাকে সেজে গ্যালারিতে হাজির হন।

দর্শক গ্যালারি থেকে আইসিসির ইভেন্ট ম্যানেজমেন্ট কর্তৃপক্ষ তাকে সেরা দর্শক হিসেবে নির্বাচন এবং খেলা চলাকালে তার সাক্ষাৎকার প্রচার করে। পরে উপহার হিসেবে ৫০ পাউন্ডের ভাউচার তুলে দেয়া হয় তার হাতে।

চৌধুরী মুরতাহিন বিল্লাহ জুয়েল হবিগঞ্জ সরকারি বৃন্দাবন কলেজের সাবেক উপাধ্যক্ষ চৌধুরী বিএ মজহার উদ্দিনের ছেলে।

নিজের অনুভূতি প্রকাশে তিনি জানান, ২০১৭ সালে ম্যানচেস্টার থেকে পোশাকটি কিনেছিলাম। এটি পরেই দ. আফ্রিকার বিপক্ষের ম্যাচ দেখতে এসেছি। বাংলাদেশের পরবর্তী সব খেলার টিকিট তার সংগ্রহে রয়েছে বলে জানান চৌধুরী মুরতাহিন বিল্লাহ।

তিনি বলেন, আমি ক্রিকেট অনুরাগী মানুষ। তার ওপর বিশ্বকাপ। আর বাংলাদেশের খেলা। তাই এবারের বিশ্বকাপে নিজের দেশের সব খেলাই গ্যালারিতে বসে দেখব।

এর আগে বাংলাদেশে অনুষ্ঠিত বিশ্বকাপ পর্বের দুটি ম্যাচ দেখতে এসেছিলেন মুরতাহিন। বাংলাদেশের অধিকাংশ খেলাই মাঠে থেকে উপভোগ করেন এই টাইগারভক্ত।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.