Sylhet Today 24 PRINT

রয়, আর্চার ও সরফরাজকে জরিমানা

স্পোর্টস ডেস্ক |  ০৪ জুন, ২০১৯

ম্যাচ হারার পর আইসিসির জরিমানাও গুণতে হচ্ছে ইংল্যান্ডের জফরা আর্চার ও জেসন রয়কে। জরিমানা করা হচ্ছে পাকিস্তান অধিনায়ক সরফরাজ আহমেদসহ পুরো দলকে।

আইসিসির ‘কোড অব কন্ডাক্ট’ লঙ্ঘন ‌করায় জরিমানা করা হয়েছে এ তিন ক্রিকেটারকে। জফরা আর্চার ও জেসন রয়কে তাঁদের ম্যাচ ফির ১৫ শতাংশ করে জরিমানা করা হয়েছে। অন্যদিকে স্লো ওভার রেটের কারণে সরফরাজ আহমেদকে তাঁর ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করা হয়েছে। পাশাপাশি পাকিস্তান দলের অন্যদেরকে ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা দিতে হবে।

গতকাল সোমবার ট্রেন্ট ব্রিজে মুখোমুখি হয়েছিল স্বাগতিক ইংল্যান্ড ও ’৯২ বিশ্বকাপ জয়ী পাকিস্তান। ম্যাচের প্রথমে ব্যাট করে পাকিস্তান। ইনিংসের ১৪তম ওভারের সময় মিসফিল্ডিং করা জেসন রয় ‘অশ্লীল শব্দ’ উচ্চারণ করেন। সেটি কান এড়ায়নি আম্পায়ারের। তাই আইসিসি কোড অব কন্ডাক্টের ২.৩ অনুচ্ছেদ অনুযায়ী রয়কে জরিমানা করেন ম্যাচ রেফারি। পাশাপাশি রয়ের কপালে জুটেছে একটি ডিমেরিট পয়েন্টও।

আর ইনিংসের ২৭তম ওভারে একটি ওয়াইড ডেলিভারির পর আম্পায়ারের সিদ্ধান্তের সঙ্গে দ্বিমত পোষণ করে অসন্তুষ্টি প্রকাশ করেন ইংল্যান্ড পেসার জফরা আর্চার। তাই তাঁকেই একটি ডিমেরিট পয়েন্টসহ জরিমানা করেন ম্যাচ রেফারি।

অন্যদিকে নির্ধারিত সময়ের মধ্যে বোলিং শেষ না করায় জরিমানা করা হয়েছে সরফরাজসহ পাকিস্তান দলকে।

ম্যাচ রেফারি জেফ ক্রোর কাছে তিন ক্রিকেটারই তাঁদেরকে দেওয়া শাস্তি মেনে নিয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.