Sylhet Today 24 PRINT

জয়ের মুখ দেখতে লড়ছে আফগানিস্তান ও শ্রীলঙ্কা

স্পোর্টস ডেস্ক |  ০৪ জুন, ২০১৯

হার দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে আফগানিস্তান ও শ্রীলঙ্কা। কিউইদের কাছে লঙ্কানরা হেরেছে অসহায়ভাবে আত্মসমর্পণে আর অস্ট্রেলিয়ার কাছে লড়াকু মেজাজ দেখিয়ে হার সঙ্গী ছিলো আফগানদের। তাই মঙ্গলবার দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াতে মরিয়া দুই দল।

কার্ডিফে বিকাল সাড়ে ৩টায় ম্যাচটি শুরু হওয়া ম্যাচে টসে জিতে শ্রীলংকাকে ব্যাটিংয়ে পাঠিয়েছে আফগানিস্তান।

লঙ্কানদের জন্য ম্যাচটি ঘুরে দাঁড়ানোর সুযোগ হলেও ১২ মাসের ওয়ানডে পরিসংখ্যান মোটেও তাদের হয়ে কথা বলছে না। বরং বিবর্ণ এই পরিসংখ্যানে জ্বলে উঠার সুবর্ণ সুযোগ অপেক্ষা করছে উন্নতির স্তরে উঠা আফগানিস্তানের সামনে।

লঙ্কানদের সবশেষ ২২ ম্যাচে জয় মাত্র ৪টিতে। তার মাঝে তিনটি ছিলো ডেড রাবার। অর্থাৎ সার্বিক বিচারে তা ছিলো শুধুই আনুষ্ঠানিকতার।

সবশেষ শনিবার নিউজিল্যান্ডের কাছে ১০ উইকেটের পরাজয় লঙ্কানদের ব্যাটিং শক্তির দুর্বল দিক উন্মুক্ত হয়ে গেছে আরও। অবশ্য দুর্বল এই ব্যাটিং লাইন আপকে ভিন্ন মন্ত্রই দিচ্ছেন তাদের ব্যাটিং কোচ লুইস, ‘আমাদের একজন ব্যাটসম্যান যদি চেষ্টা করে ১০০ বলের একটি ইনিংস খেলে। তাহলে সব কিছু পাল্টে যাবে।’
ব্যাটিং কোচের এমন চাওয়াটা মোটেও বেআইনি নয়।

লঙ্কানদের এমন নড়বড়ে ব্যাটিং থাকায় আফগানদের বিপক্ষে তাই এই ম্যাচটা হয়ে দাঁড়াতে পারে রোমাঞ্চকর। কারণ ভুলে গেলে চলবে না এই শ্রীলঙ্কাকেই গত বছর এশিয়া কাপ থেকে ছিটকে দিয়েছিলো আফগানরা। অবশ্য আফগানদেরও দুশ্চিন্তা করার মতো ব্যাপার আছে। তাদের টপ অর্ডারও নিয়মিত খেই হারাতে পটু! অস্ট্রেলিয়ার বিপক্ষেও দেখা গেছে তেমন।

তবে আফগানদের প্রেরণা যোগাচ্ছে বিশ্বকাপ থেকে এখন পর্যন্ত তাদের খেলা ওয়ানডে পরিসংখ্যান। লঙ্কানদের চেয়ে বেশি ওয়ানডে ম্যাচ জিতেছে আফগানরা। এমনকি ২২টি ম্যাচ তুলনামূলকভাবে কম খেলেও। ৬৪ ম্যাচের মাঝে তাদের জয় ৩৪টিতে। আর ৮৬টি ম্যাচে লঙ্কানদের জয় মাত্র ২৪টি!

তবে লঙ্কান টো ক্রাশার লাসিথ মালিঙ্গা ফিট হওয়ায় আর বৃষ্টি আশঙ্কা থাকায় ম্যাচটি কতটুকু রোমাঞ্চ ছড়ায় তাই এখন দেখার অপেক্ষা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.