Sylhet Today 24 PRINT

হেরেই চলেছে দক্ষিণ আফ্রিকা

ভারতের শুভসূচনা

স্পোর্টস ডেস্ক |  ০৬ জুন, ২০১৯

বিশ্বকাপে এখন পর্যন্ত সবচেয়ে বেশি ম্যাচ খেলেছে দক্ষিণ আফ্রিকা, আর তাদের খেলা তিন ম্যাচের সবকটিতে হেরেছে তারা। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ইংল্যান্ডের কাছে বড় ব্যবধানে হারে তারা। দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ টাইগারদের কাছে হারে তারা। তৃতীয় ম্যাচে ঘুরে দাঁড়ানোর আশায় ছিল প্রোটিয়ারা। কিন্তু ডেল স্টেইন-লুঙ্গি এনগিডিকে হারিয়ে ধাক্কা খায় তারা। ভারত তাদের ম্যাচে তাই সুযোগ দেয়নি। তুলে নিয়েছে ৬ উইকেটের বড় জয়।

বুধবার বিশ্বকাপের ফেভারিট ভারত নিজেদের প্রথম ম্যাচে শুরু করেছে ফেভারিটের মতই।

ভারতের হয়ে ফর্মহীন থাকা ভারতীয় ওপেনার রোহিত শর্মা প্রথম ম্যাচেই সেঞ্চুরি করেছেন। তিনি খেলেছেন ১২২ রানের হার না মানা এক ইনিংস। সঙ্গে এমএস ধোনির ৩৪ এবং কেএল রাহুলের ২৬ রানের সুবাদে সহজে জয় পায় তারা।

টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা করে ৯ উইকেটে ২২৭ রান। ২২৮ রানের লক্ষ্য দিয়ে ভারতের ৪ উইকেট ফেলতে পেরেছে দক্ষিণ আফ্রিকা। ১৫ বল হাতে রেখে ৬ উইকেটের জয় পেয়েছে ভারত।

এ হারেই পরাজয়ের হ্যাট্রিক হলো দক্ষিণ আফ্রিকার।

হারলেও এ ম্যাচ থেকে তবু সাহস সঞ্চয় করতে পারে দক্ষিণ আফ্রিকা। ২২৭ রান করেও ভারতের ব্যাটিং লাইনআপকে ৪৮ ওভার মাঠে রাখতে পেরেছে তারা। চোটের কারণে বিশ্বকাপকেই বিদায় নিয়েছেন ডেল স্টেইন। কিছুদিন আগে ভারতকে কাঁপিয়ে দেওয়া পেসার লুঙ্গি এনগিডিও নেই। এমন অবস্থায় রাবাদাই ছিলেন একমাত্র ভরসা।

রাবাদাই যা একটু চেষ্টা করলেন। শিখর ধাওয়ানের ব্যাট ভাঙলেন, তাকে আউটও করলেন। লোকেশ রাহুলকে আউট করে কিছুক্ষণের জন্য স্বস্তিও এনে দিয়েছিলেন রাবাদা। ১০ ওভারে মাত্র ৩৯ রান দিয়ে ২ উইকেট তার।

ভারতের ব্যাটসম্যানেরা খেলছিলেন ধীরগতিতে। নেমেছিলেন। কোহলির ১৮ এসেছে ৩৪ বলে। লোকেশের ২৬ এল ৪২টি বল থেকে। মহেন্দ্র সিং ধোনিও ক্রিস মরিসকে ফিরতি ক্যাচ দেওয়ার আগে ৩৪ রান করেছেন ৪৬ বলে।

রোহিত শর্মা সেঞ্চুরি দিয়ে বিশ্বকাপের শুরু করলেন। পুরো ইনিংসেই এক প্রান্ত ধরে রাখার কাজটা করেছেন নিপুণভাবে। ৭০ বলে ফিফটি ছুঁয়ে সেঞ্চুরি পেয়েছেন আরও ৫৭ বল পর। শেষ পর্যন্ত ১৪৪ বলে ১২২ রানে অপরাজিত ছিলেন। ১৩ চার ও ২ ছক্কা মেরেছেন রোহিত।

বিশ্বকাপে প্রথম তিন ম্যাচেই হেরে মহা বিপদে পড়ে গেল দক্ষিণ আফ্রিকা। ১০ জুন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচটা এখন তাদের জন্য বাঁচামরার ম্যাচ হয়ে উঠেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.