Sylhet Today 24 PRINT

ভোরে মেসিদের কোপা মিশন শুরু

স্পোর্টস ডেস্ক |  ১৫ জুন, ২০১৯

কোপা আমেরিকায় ব্রাজিলের শুরুটা দারুণ হয়েছে। বলিভিয়াকে তারা ৩-০ গোলে হারিয়েছে। অন্যদিকে রোববার ভোরে মাঠে নামছে আরেক শিরোপা প্রত্যাশী দল আর্জেন্টিনা। গত দুইটি কোপা আমেরিকার ফাইনালে উঠেও শিরোপা জেতা হয়েনি লিওনেল মেসির। তার আগে ২০০৭ সালেও ফাইনালে হেরেছে আর্জেন্টিনা। সেই দলেও ছিলেন মেসি।

তাই এবারও সবার দৃষ্টি এই আর্জেন্টাইন জাদুকরের দিকে। আজকের ম্যাচে মেসিদের প্রতিপক্ষ কলম্বিয়া। সময়ের পার্থক্যের কারণে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রোববার ভোর ৪ টায়। কলম্বিয়া ফুটবল বিশ্বে শক্তিশালী দল হিসেবেই পরিচিত। তাই প্রথম ম্যাচেই কঠিন পরীক্ষা দিতে হবে মেসিদের।

গ্রুপের অন্য দুটি দল হলো প্যারাগুয়ে ও কাতার। এশিয়ার দল কাতার ও জাপান এই টুর্নামেন্টে খেলছে আমন্ত্রিত দল হিসেবে। সেই যে ১৯৯৩ সালে সর্বশেষ কোপা আমেরিকা জিতেছিল, এরপর থেকে আন্তর্জাতিক ফুটবলে ট্রফিবিহীন আর্জেন্টিনা। ২০১৪ বিশ্বকাপের ফাইনাল খেলেও অতিরিক্ত সময়ে শেষ মুহূর্তের গোলে জার্মানির কাছে হারতে হয়েছিল তাদের।

২০০৭ সালের ফাইনালে হেরেছে ব্রাজিলের কাছে। ২০১৫ ও ২০১৬- টানা দুই কোপার ফাইনাল খেলেছে মেসির দল। দু’বারই টাইব্রেকারে তারা হেরেছে চিলির কাছে। এমনকি ২০১৬ সালের কোপার ফাইনালে টাইব্রেকারে মেসি নিজেও শট মিস করেছিলেন।

বিশ্বজয়ী ব্রাজিল দলের সদস্য রবার্তো কার্লোস সম্প্রতি এক নিবন্ধে লিখেছেন, ‘মেসির জন্য আমার দুঃখ হয়। ক্লাবের হয়ে সবকিছু পেলেও দেশকে এখনও কিছু দিতে পারেনি। বুঝতে পারছি, মেসির কাছে তা যন্ত্রণার। মেসি কোপাতে চ্যাম্পিয়ন হলে আমি খুশিই হব। ’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.