Sylhet Today 24 PRINT

ফিঞ্চের দেড়শতকে শ্রীলঙ্কার বিরুদ্ধে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৩৩৪ রান

স্পোর্টস ডেস্ক |  ১৫ জুন, ২০১৯

১২ দিন পর বিশ্বকাপে মাঠে নেমে সুবিধা করতে পারলো না শ্রীলঙ্কা। অ্যারন ফিঞ্চের ক্যারিয়ারসেরা ব্যাটিংয়ের সঙ্গে স্টিভেন স্মিথের হাফসেঞ্চুরিতে তাদের কঠিন লক্ষ্য ছুড়ে দিয়েছে অস্ট্রেলিয়া। শনিবার লন্ডনের ওভালে অজিরা করেছে ৭ উইকেটে ৩৩৪ রান।  

আগের দুই ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ায় মাঠে না নেমেও ২ পয়েন্ট পাওয়া শ্রীলঙ্কা টস জিতে ফিল্ডিং নেয়। আগের চার ম্যাচে দুটি ফিফটি ও একটি সেঞ্চুরি করা ওপেনার ডেভিড ওয়ার্নারকে বেশি দূর এগোতে দেয়নি লঙ্কানরা।

৪৮ বল খেলে মাত্র ২৬ রান করে ধনঞ্জয়া ডি সিলভার কাছে বোল্ড হন ওয়ার্নার। অধিনায়ক ফিঞ্চের সঙ্গে তার উদ্বোধনী জুটি ছিল ৮০ রানের। দলে আর ২০ রান যোগ হতে উসমান খাজাকে (১০) মাঠছাড়া করেন ধনঞ্জয়া।

এরপর শক্ত হাতে দলকে এগিয়ে নিতে থাকেন ফিঞ্চ ও স্মিথ। আফগানিস্তান ও পাকিস্তানের বিপক্ষে হাফসেঞ্চুরিকে তিন অঙ্কের ঘরে নিতে না পারার ব্যর্থতা এদিন কাটান ফিঞ্চ। ৫৩ বলে পঞ্চাশ ছোঁয়া এই ওপেনার পরের ফিফটি করেন ৪৪ বলে। ফিঞ্চের ১৪তম সেঞ্চুরি হয়েছে ৯৭ বলে, ৮ চার ও ৪ ছয়ে।

এখানেই থামেননি অজি অধিনায়ক। স্মিথের সঙ্গে ১৭৩ রানের জুটি গড়ার পথে ক্যারিয়ারে দ্বিতীয়বার দেড়শ ছোঁন ফিঞ্চ। কিন্তু গত মার্চে পাকিস্তানের বিপক্ষে ১৫৩ রানের অপরাজিত ইনিংসকে পেছনে ফেলতে পারেননি তিনি। এই ডানহাতি ব্যাটসম্যান ওই স্কোরেই মাঠ ছাড়েন। ১৩২ বলে ১৫ চার ও ৫ ছয়ে ১৫৩ রানে ইসুরু উদানার বলে দিমুথ করুণারত্নের ক্যাচ হন অস্ট্রেলিয়ার অধিনায়ক।

দারুণ এক ইনিংস খেলে ৫ ম্যাচ শেষে শীর্ষ ব্যাটসম্যান ফিঞ্চ, তার রান ৩৪৩। এই বিশ্বকাপে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের তালিকাতেও তিনি জেসন রয়ের সঙ্গে যুগ্মভাবে শীর্ষে, বাংলাদেশের বিপক্ষে আগের ম্যাচে ১৫৩ রান করেন ইংল্যান্ডের ব্যাটসম্যান।

ফিঞ্চ আউট হওয়ার পরের ওভারে স্মিথকে বোল্ড করেন লাসিথ মালিঙ্গা। ৫৯ বলে ৭ চার ও ১ ছয়ে ৭৩ রান করেন অজি ব্যাটসম্যান। ডেথ ওভারের শেষদিকে মাত্র ১০ রানের ব্যবধানে অস্ট্রেলিয়া ৩ উইকেট হারালেও গ্লেন ম্যাক্সওয়েল ঝড়ে কঠিন চ্যালেঞ্জ ছুঁড়ে দেয়। ২৫ বলে ৫ চার ও ১ ছয়ে ৪৬ রানে অপরাজিত ছিলেন ম্যাক্সওয়েল।

শ্রীলঙ্কার পক্ষে উদানা ও ধনঞ্জয়া দুটি করে উইকেট নিয়ে সেরা বোলার।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.