Sylhet Today 24 PRINT

মরগান ঝড়ে রানের পাহাড়ে ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক |  ১৮ জুন, ২০১৯

ইয়ান মরগানের ঝড়ো ব্যাটিংয়ে আফগানিস্তানের সামনে বিশাল লক্ষ্য ছুঁড়ে দিয়েছে ইংল্যান্ড। নির্ধারিত ওভারে ছয় উইকেটে ৩৯৭ রান করেছে তারা। চলতি বিশ্বকাপে এটিই কোনো দলের সর্বোচ্চ সংগ্রহ। এর আগে বাংলাদেশের বিপক্ষে ইংল্যান্ডেরই ৩৮৬ রান ছিল এবারের বিশ্বকাপে সর্বোচ্চ রানের ইনিংস।

তবে বিশ্বকাপের ইতিহাসে দলীয় সর্বোচ্চ ৪১৭/৬ রানের রেকর্ডের মালিক অস্ট্রেলিয়া। তারা ২০১৫ সালের বিশ্বকাপে এই আফগানিস্তানের বিপক্ষেই এই রেকর্ড গড়েছিল। আজ আফগানিস্তানের বিপক্ষে ইংল্যান্ডের ইনিংসটি বিশ্বকাপের ইতিহাসে ষষ্ঠ বৃহত্তর দলীয় ইনিংস।

টস জিতে ব্যাট করতে নেমে দলীয় ৪৪ রানেই ওপেনার জেমস ভিন্সকে হারায় ইংল্যান্ড। ভালো করার ইঙ্গিত দিয়েও ব্যক্তিগত ২৬ রানের মাথায় তিনি ফেরেন সাজঘরে। এরপর প্রতিরোধ গড়ে তোলেন জনি বেয়ারস্টো ও জো রুট।

দ্বিতীয় উইকেটে দুজনে গড়েন ১২০ রানের পার্টনারশিপ। বেয়ারস্টোর বিদায়ে ভাঙে সেই জুটি। উইকেটরক্ষক ব্যাটসম্যান সাজঘরে ফিরেছেন শতক না পাওয়ার আক্ষেপকে সঙ্গী করে। ৯৯ বলের মোকাবেলায় ৮টি চার ও ৩টি ছক্কায় করেন ৯০ রান।

এরপর মারকুটে ব্যাটিংয়ের ছন্দ ধরে রাখার দায়িত্ব নেন অধিনায়ক ইয়ন মরগান। শতকের কাছ থেকে ফিরতে হয় রুটকেও। দলীয় ৩৫৩ রানে তৃতীয় ব্যাটসম্যান হিসেবে সাজঘরে ফেরার আগে করেন ৮২ বলে ৮৮ রান, যে ইনিংসে ছিল ৫টি চার ও ১টি ছক্কা।

তবে তার আগে ধ্বংসাত্মক রূপ ধারণ করে বড় সংগ্রহের দিকে দলকে নিয়ে যান মরগান। শেষপর্যন্ত সাজঘরে ফেরেন মাত্র ৭১ বলে ১৪৮ রানের এক ইনিংস খেলে। এই ইনিংসে ছিল ৪টি চার ও ১৭টি ছক্কা; যা ভেঙেছে রোহিত শর্মা, এবি ডি ভিলিয়ার্স ও ক্রিস গেইলের এক ম্যাচে সবচেয়ে বেশি ছক্কার বিশ্বরেকর্ড।

শেষদিকে ইংল্যান্ডের মিডল ও লোয়ার অর্ডার দ্রুত কিছু উইকেট হারিয়ে ফেলে। নির্ধারিত ৫০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে দলের সংগ্রহ দাঁড়ায় ৩৯৭ রান।

মরগানের বিধ্বংসী রূপের সামনে অসহায় ছিলেন আফগানিস্তানের তারকা স্পিনার রশিদ খান। ৯ ওভার বল করে এদিন তিনি বিলি করেন ১১০ রান, যা একদিনের আন্তর্জাতিক ক্রিকেটের দ্বিতীয় খরুচে বোলিংয়ের রেকর্ড এবং ৯ ওভার বল করে সবচেয়ে বাজে বোলিংয়ের রেকর্ড। দলের পক্ষে অধিনায়ক গুলবাদিন নাইব ও দৌলত জাদরান তিনটি করে উইকেট শিকার করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.