Sylhet Today 24 PRINT

ব্রাজিলকে রুখে দিল ভেনেজুয়েলা

স্পোর্টস ডেস্ক |  ১৯ জুন, ২০১৯

ভাগ্যদেবী সহায় ছিল না ব্রাজিলের। না হলে তিন তিনটি গোল বাতিল হয় সেলেসাওদের। মঙ্গলবার কোপা আমেরিকায় তেমনই একটি ম্যাচে তারা ভেনেজুয়েলার সাথে ড্র করেছে গোলশূন্যতে।

মুহুর্মুহু আক্রমণের ঢেউ তুললেও ব্রাজিলকে গোল বিমুখ হতে হয়েছে বার বার। প্রথমার্ধের শেষ দিকে গোল পেয়েছিলেন রবার্তো ফিরমিনো। আর সেই গোলটিই বাতিল হয়েছে ফাউলের সুবাদে।

এমন করে গোল বিমুখ হতে হয়েছে আরও দুবার। বদলি গাব্রিয়েল জেসুস ঘণ্টা খানেকের মাথায় জালের ঠিকানা খুঁজে পেলেও প্রযুক্তির বাধায় বাতিল হয়েছে সেই গোলটিও। ভিডিও অ্যাসিসটেন্ট রেফারি জানিয়ে দেয় অফসাইডের ফাঁদে পড়েছিলেন ফিরমিনো। শেষ বাতিলের খাতায় নাম লেখান আরেক তারকা ফিলিপে কৌতিনিয়ো। সেখানেও বাধা ছিল এই ভিডিও অ্যাসিসটেন্ট রেফারি।

অথচ ম্যাচের শুরু থেকে আক্রমণের পসরা সাজিয়ে খেলেছে ব্রাজিল। বলিভিয়া ম্যাচের চেয়ে ধার ছিলও আরও বেশি। তবে সুযোগগুলো নষ্ট হয়েছে বেশিরভাগ। ডেভিড নারেস ও ফিরমিনো লক্ষ্য বরাবর গোল করতে পারেননি। রিচার্লিশনও ব্যর্থ হয়েছেন প্রতিপক্ষ গোলকিপারের দৃঢ়তায়।

অবশ্য ভেনেজুয়েলাও গোলের সুযোগ পেয়েছিল। সালোমন রোন্ডোন হেড করে গোল করার চেষ্টা করলেও লক্ষ্যভ্রষ্ট হয় তা।

ব্রাজিল আক্রমণে ধার বাড়াতে দ্বিতীয়ার্ধে বদল করে রিচার্লিশনকে। কিন্তু তার বদলে নামা ম্যানসিটি স্ট্রাইকার জেসুসও ব্যর্থ হন গোল পেতে।  

আগের ম্যাচে বলিভিয়াকে ৩-১ গোলে হারিয়ে উড়ন্ত সূচনা করা ব্রাজিল গ্রুপ তালিকায় শীর্ষে আছে ড্রয়ের পরেও। পেরুরও সমান ৪ পয়েন্ট। তবে গোল ব্যবধানে পিছিয়ে তারা রয়েছে দ্বিতীয় স্থানে।

এই অবস্থায় গ্রুপে ভেনেজুয়েলার পয়েন্ট দুই। বলিভিয়া কোন পয়েন্টই পায়নি। এই দুটি দলই আবার একে অপরের মুখোমুখি হবে রোববার।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.