Sylhet Today 24 PRINT

মেসির গোলে প্যারাগুয়ের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি আর্জেন্টিনার

স্পোর্টস ডেস্ক |  ২০ জুন, ২০১৯

কলম্বিয়ার কাছে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে হারের পর দ্বিতীয় ম্যাচেও জয়ের দেখা পেতে ব্যর্থ আর্জেন্টিনা। প্রথমার্ধে পিছিয়ে পড়লেও দ্বিতীয়ার্ধে সমতায় ফিরে লিওনেল স্কালোনির শিষ্যরা পয়েন্ট ভাগাভাগি করেছে প্যারাগুয়ের সঙ্গে।

বৃহস্পতিবার (২০ জুন) বেলো হরিজোন্তেতে আর্জেন্টিনা ও প্যারাগুয়ের মধ্যকার কোপা আমেরিকার 'বি' গ্রুপের ম্যাচটি ড্র হয়েছে ১-১ গোলে।

ম্যাচের ৩৭তম মিনিটে রিচার্ড সানচেজের গোলে এগিয়ে যায় প্যারাগুয়ে। বিরতির পর ম্যাচের ৫৭তম মিনিটে সমতায় ফেরে আর্জেন্টিনা। ভিএআরের কল্যাণে পাওয়া পেনাল্টি থেকে লক্ষ্যভেদ করেন লিওনেল মেসি।

ছয় মিনিট পরই অবশ্য জয়সূচক গোল পেয়ে যেতে পারত প্যারাগুয়ে। কিন্তু স্পট কিক থেকে লক্ষ্যভেদ করতে পারেননি দার্লিস গঞ্জালেজ। তার শট রুখে দেন আলবিসেলেস্তে গোলরক্ষক ফ্রাঙ্কো আরমানি।

ফলে ২ ম্যাচ থেকে আর্জেন্টিনার অর্জন মাত্র ১ পয়েন্ট। 'বি' গ্রুপের পয়েন্ট তালিকার তলানিতে তারা। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে আগামী রবিবার রাতে (২৪ জুন) তারা মাঠে নামবে কাতারের বিপক্ষে।

এই গ্রুপে দিনের আগের খেলায় দুভান জাপাতার গোলে কাতারকে ১-০ গোলে হারিয়েছে কলম্বিয়া। ২ ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে তারা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.