Sylhet Today 24 PRINT

ওয়ার্নারকে ছাড়িয়ে আবারও শীর্ষে সাকিব

স্পোর্টস ডেস্ক  |  ২৪ জুন, ২০১৯

ডেভিড ওয়ার্নারকে ছাড়িয়ে আবারও রান সংগ্রহে শীর্ষে উঠে গেলেন সাকিব আল হাসান। এবারের বিশ্বকাপে রান সংগ্রহে শীর্ষে রয়েছেন বাংলাদেশ দলের এ অলরাউন্ডার।

অস্ট্রেলিয়ান ওপেনারকে ডেভিড ওয়ার্নারকে ছাড়িয়ে যেতে সোমবার সাকিবের প্রয়োজন ছিল ২৩ রান। গুলবাদিন নাইবের বলে সিঙ্গেল নেয়ার মধ্য দিয়ে ২৭ বলে ২৩ রান করেন সাকিব। আর এই রান করার মধ্য দিয়ে রান সংগ্রহে আবারও শীর্ষে উঠে বিশ্বসেরা এ অলরাউন্ডার। শেষ পর্যন্ত ৫১ রান করে আউট হন সাকিব। এটি বিশ্বকাপে ৫ ম্যাচে তাঁর ৪র্থ সেঞ্চুরি।

এবারের বিশ্বকাপে সোমবারের আগে সাকিব সংগ্রহ করেন পাঁচ ম্যাচে ৪২৫ রান। এক ম্যাচ বেশি খেলে ৪৪৭ রান করে শীর্ষে ছিলেন ওয়ার্নার। ৬ ম্যাচে ৪২৪ রান নিয়ে তৃতীয় পজিশনে আছেন ইংলিশ তারকা ব্যাটসম্যান জো রুট।

বিশ্বকাপের ইতিহাসে ৪৫ ম্যাচে সর্বোচ্চ ২২৭৮ রান সংগ্রহ করেন শচীন টেন্ডুলকার। তার চেয়ে এক ম্যাচ বেশি খেলে অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং সংগ্রহ করেন ১৭৪৩ রান। ৩৭ ম্যাচ খেলে ১৫৩২ রান করেন শ্রীলংকার কিংবদন্তি ক্রিকেটার কুমার সাঙ্গাকারা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.