Sylhet Today 24 PRINT

সেমির আশা জিইয়ে রাখতে পাকিস্তানের প্রতিপক্ষ আফগানিস্তান

স্পোর্টস ডেস্ক |  ২৯ জুন, ২০১৯

নতুন ‍করে সেমিফাইনালের আশা জেগেছে পাকিস্তানের। এজন্য বাকি থাকা দুই ম্যাচ জিততেই হবে।

সেই মিশনের প্রথমটিতে আজ শনিবার আফগানিস্তানের মুখোমুখি হচ্ছে তারা। বাংলাদেশ সময় বিকলে সাড়ে ৩টায় হেডিংলিতে শুরু হতে যাওয়া ম্যাচটি সরাসরি দেখা যাবে মাছরাঙা টেলিভিশন, গাজী টিভি ও স্টার স্পোর্টস ওয়ান চ্যানেলে।

১৯৯২ বিশ্বকাপের পাকিস্তানকে খুঁজে পাচ্ছেন অনেকে। সেবার শুরুটা বাজে হলেও একমাত্র বিশ্বকাপটি অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের আসর থেকেই জিতেছিল তারা ইমরান খানের নেতৃত্বে। ইংল্যান্ড ও ওয়েলসের বিশ্বকাপে মিল আছে আরও একটি জায়গায়। ওই বিশ্বকাপে অজেয় থাকা নিউজিল্যান্ড প্রথম হারের মুখ দেখেছিল পাকিস্তানের বিপক্ষে, এবারও কিউইরা প্রথম ম্যাচ হেরেছে তাদের বিপক্ষে।

ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপ শুরু করে চমকে দেওয়া পাকিস্তান পরের তিন ম্যাচ থেকে মাত্র ১ পয়েন্ট পাওয়ায় চলে যায় ব্যাকফুটে। কিন্তু হঠাৎই তারা ফিরেছে সেরা ছন্দে। দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দেওয়ার পর নিউজিল্যান্ডের বিপক্ষে জয়ে তৈরি করেছে সেমিফাইনালের সম্ভাবনা। এজন্য শেষ দুটি ম্যাচে জিততে হবে তাদের। অবশ্য অন্য ম্যাচের ফলের ওপরও নির্ভর করতে হবে সরফরাজ আহমেদদের।

যদিও অন্যের দিকে না তাকিয়ে নিজেদের কাজটা ঠিকঠাক করতে চায় ১৯৯২ সালের চ্যাম্পিয়নরা। সেই মিশনের আজ আফগানিস্তানের মুখোমুখি পাকিস্তান। দুই প্রতিবেশী দলের লড়াইয়ে আফগানিস্তানের বিশ্বকাপ শেষ হয়ে গেছে আগেই। এরপরও কঠিন পরীক্ষার সামনে পড়তে যাচ্ছে সরফরাজরা। এখনও পর্যন্ত একটি ম্যাচও জিততে না পারায় পাকিস্তানকের লক্ষ্য বানাচ্ছে তারা।

আর এই মিশনে আফগানদের আত্মবিশ্বাস যোগাচ্ছে ওয়ার্ম-আপ ম্যাচ। বিশ্বকাপের আগেই বিস্টলের প্রস্তুতি ম্যাচে পাকিস্তানকে হারিয়ে দিয়েছিল তারা। যদিও প্রতিযোগিতামূলক ওয়ানডেতে কোনও সাফল্য নেই ‍আফগানিস্তানের। তিনবারের সাক্ষাতে প্রতিবারই জয়ের হাসি নিয়ে মাঠ ছেড়েছে পাকিস্তান। চতুর্থবারের লড়াইয়ে একই ধারা ধরে রাখতে পারলে সেমিফাইনালের আশা আরও উজ্জ্বল হবে সরফরাজদের।

ফর্মে ফেরা পাকিস্তানের উইনিং কম্বিনেশন ভাঙার কথা নয়। শোয়েব মালিকের জায়গায় সুযোগ পেয়ে দারুণ ব্যাটিংয়ে নিজেকে প্রমাণ করেছেন হারিস সোহেল। বোলিংয়েও সবাই আছেন ছন্দে। আফগানিস্তান বিশ্বকাপে ১৬ খেলোয়াড়কে ব্যবহার করেছে। পাকিস্তানের বিপক্ষেও একাদশ বদল আসতে পারে তাদের।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.