Sylhet Today 24 PRINT

ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচে কেউ ফেবারিট নয়: মেসি

স্পোর্টস ডেস্ক |  ২৯ জুন, ২০১৯

এবার কোপার সেমিফাইনালেই মুখোমুখি হতে যাচ্ছে বিশ্ব ফুটবলের দুই পরাশক্তি আর্জেন্টিনা ও ব্রাজিল। দ্বৈরথের আগে কী ভাবছেন মেসি-আগুয়েরোরা?

কোয়ার্টার ফাইনালে ভেনেজুয়েলাকে ২-০ গোলে হারিয়ে কোপা আমেরিকার সেমিতে জায়গা নিশ্চিত করেছে আর্জেন্টিনা। সেমিফাইনালে অপেক্ষা করছে ব্রাজিল। বিশ্বের অন্যতম আরাধ্য ম্যাচটা তাই এবার ফাইনালের আগেই হয়ে যাচ্ছে। প্রথমে হোঁচট খেয়ে শুরু করলেও পরের ম্যাচগুলোয় ধীরে ধীরে ফর্ম ফিরে পেয়েছে আর্জেন্টিনা। ব্রাজিল বেশ ছন্দে টুর্নামেন্ট শুরু করলেও গত ম্যাচেই বোঝা গেছে, তাদেরও উন্নতির জায়গা আছে। সবকিছু বিবেচনা করেই মেসির কাছে মনে হয়েছে, এবার আর্জেন্টিনা-ব্রাজিল সেমিফাইনাল ম্যাচে কোনো দলই ফেবারিট নয়।

প্রথম ম্যাচে কলম্বিয়ার কাছে হেরেছিল আর্জেন্টিনা। পরে ড্র করেছে প্যারাগুয়ের সঙ্গে। ওদিকে ব্রাজিলকেও গ্রুপ পর্বে রুখে দিয়েছে ভেনেজুয়েলা, কোয়ার্টারে আরেকটু হলেই বাদই পড়ে যাচ্ছিল প্যারাগুয়ের বিপক্ষে। সব মিলিয়ে মেসির কাছে মনে হয়েছে, এবার কোপা আমেরিকায় সব দলই মোটামুটি কাছাকাছি শক্তির, নিজেদের দিনে যেকোনো দলই হারিয়ে দিতে পারে তথাকথিত ফেবারিটদের। তাই আর্জেন্টিনা-ব্রাজিল ম্যাচে কাউকে নিশ্চিতভাবে ফেবারিট বলেননি মেসি, ‘আর্জেন্টিনা-ব্রাজিল ম্যাচে কে ফেবারিট, সেটা বলা কঠিন। বিশেষ করে এবারের কোপা আমেরিকার ক্ষেত্রে ব্যাপারটা আরও সত্য, এখানে সবাই সবাইকে হারানোর সামর্থ্য রাখে।’

তবে ফর্মে থাকা ব্রাজিল যে কত ভয়ংকর, সেটা এই দলে মেসির চেয়ে ভালো মনে হয় কেউ জানে না। কোপা আমেরিকার নকআউট রাউন্ডে সর্বশেষ চারবারের দেখায় প্রত্যেকবার ব্রাজিলের কাছে হেরেছে আর্জেন্টিনা, সর্বশেষ হেরেছে ২০০৭ টুর্নামেন্টের ফাইনালে। সেবার মেসিও ছিলেন। দুর্দান্ত খেলে ফাইনালে উঠেও রবিনহো-আলভেসদের সঙ্গে পেরে ওঠেননি মেসি-রিকুয়েলমেরা। ব্রাজিলের শক্তি নিয়ে তাই মেসি নিঃসন্দেহ, ‘আমরা ব্রাজিলকে সম্মান করি। আমরা জানি, ব্রাজিলের খেলোয়াড়েরা কী করতে পারে। ব্রাজিল ম্যাচের আগে আমরা বেশ ভালো ফর্মে আছি। কিন্তু আমাদের অনেক মনোযোগী থাকতে হবে।’

আকাশি-সাদা জার্সির সম্মান রাখার প্রত্যয় ঝরেছে সতীর্থ সার্জিও আগুয়েরোর কণ্ঠেও। এ ম্যাচ নিয়ে বিশ্ববাসীর প্রত্যাশা কেমন, সেটা বেশ ভালোই বোঝেন আগুয়েরো, ‘জার্সির সম্মান রক্ষা করতে আমরা আমাদের সর্বস্ব দিয়ে চেষ্টা করব, যেমনটা আজ করেছি। আর্জেন্টিনা-ব্রাজিল ম্যাচ প্রতিদিন হয় না। এ ধরনের গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে তো আরও হয় না। এ ম্যাচ নিয়ে সবার প্রত্যাশা থাকে আকাশচুম্বী। শুধু আমাদের দেশেই নয়, গোটা বিশ্বে।’

আগুয়েরোও জানেন, ব্রাজিল হেলাফেলা করার মতো কোনো প্রতিপক্ষ নয়। তবে নিজেদের সামর্থ্যের ওপর আস্থা রাখছেন ম্যানচেস্টার সিটির এই স্ট্রাইকার, ‘আমরা জানি ম্যাচটা আমাদের জন্য সহজ হবে না। কিন্তু সেমিফাইনালে উঠতে পেরে আমরা অনেক খুশি। ধীরে ধীরে আমরা ছন্দ খুঁজে পাচ্ছি।’

বুধবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ছয়টায় কোপার সেমিফাইনালে ব্রাজিলের মুখোমুখি হবে আর্জেন্টিনা। সেমিতে শেষ হাসি হাসতে পারবেন তো মেসিরা?

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.