Sylhet Today 24 PRINT

সেমির আশায় ভারতের বিপক্ষে মাঠে নামছে ইংলিশরা

স্পোর্টস ডেস্ক |  ৩০ জুন, ২০১৯

বিশ্বকাপ শুরুর আগে হট ফেভারিট তকমা বসেছিল ইংল্যান্ডের গায়ে। আর সেই স্বাগতিকরাই এখন ছিটকে যাওয়ার পথে। সেমিতে এক পা দিয়ে রাখা ভারতের বিপক্ষে আজ তাই জয়ের বিকল্প নেই স্বাগতিকদের।

রোববার বার্মিংহামে বিকাল সাড়ে ৩টায় মুখোমুখি হবে দুই দল। দেখাবে স্টার স্পোর্টস, বিটিভি ও গাজী টিভি।

তিন হারে একেবারে বিপর্যস্ত অবস্থায় রয়েছে ইংলিশরা। গতকাল পাকিস্তান আফগানদের হারিয়ে দেওয়ায় চাপটা হয়ে দাঁড়িয়েছে পাহাড়সম। কারণ ইংল্যান্ডকে টপকে টেবিলে বর্তমানে চারে রয়েছে পাকিস্তান।

দেয়ালে পিঠ ঠেকে যাওয়া ম্যাচটায় আজ অবশ্য স্বস্তির খবর ওপেনার জেসন রয়কে পাচ্ছে ইংল্যান্ড। পুরোপুরি ফিট না হলেও তাকে নিয়ে ঝুঁকি নিতে চায় ইংলিশরা। ইংল্যান্ড অধিনায়ক এউইন মরগানও বলে দিয়েছেন সে কথা।

জেসন ইনজুরি আক্রান্ত হওয়ার পর তার শূন্যস্থান কোনওভাবে পূরণ করতে পারেননি জেমন ভিন্স। তাতে বরং চাপের মুখে মাথা নত করছেন মরগান, স্টোকস ও বাটলারকে।

তবে এজবাস্টনের এই মাঠে পরিংসখ্যান কথা বলছে ভারতের হয়ে। ইংল্যান্ডের বিপক্ষে চার ম্যাচের তিনটিতেই জয়ী তারা। আর অধিনায়ক কোহলির রেকর্ডও সবচেয়ে ভালো। ৫ ইনিংসে রান ২৪৩।

তবে এসব কিছুর দিকে না ভেবে ম্যাচের দিকেই নজর ইংলিশ অধিনায়ক মরগানের, ‘এটা সুবর্ণ সুযোগ। দুটি ম্যাচ জিতলেই সেমিফাইনাল। আর সেটা জিতলে ফাইনাল। তাই আমরা সেদিকেই মুখিয়ে আছি।’

আজ হারলেও গাণিতিক হিসেবে সেমির আশা বেঁচে থাকে ইংল্যান্ডের। মরগান অবশ্য সেদিকে যেতে চাইলেন না, ‘আমরা হারলেও গাণিতিকভাবে আশা টিকে থাকবে। কিন্তু আমরা দুটি ম্যাচই জিততে চাই।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.