Sylhet Today 24 PRINT

পাকিস্তান-আফগানিস্তান ম্যাচে সংঘর্ষের ঘটনায় আইসিসির হুঁশিয়ারি

স্পোর্টস ডেস্ক |  ৩০ জুন, ২০১৯

বিশ্বকাপে পাকিস্তান-আফগানিস্তান ম্যাচ মাঠে যেমন উত্তেজনায় ঠাসা ছিল। মাঠের বাইরে তা ছিল আরও কদর্যপূর্ণ! এমন উত্তেজনাপূর্ণ ম্যাচের আবহে সংঘর্ষে জড়িয়েছিলেন দুই দলের ভক্তরা।

আইসিসির বড় কোনও ইভেন্টে সাম্প্রতিক ইতিহাসে এমন ঘটনা বিরল। তাই এই ঘটনায় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে আইসিসি।

স্ট্যান্ডে একে অপরকে ঘুষি মারা থেকে শুরু করে ময়লার বিন ছুড়ে মারার মতো ঘটনা ঘটেছে গতকাল। এমনকি মাঠের বাইরে অবস্থা ছিল আরও ভয়াবহ। স্টিলের বস্তু অস্ত্র হিসেবে ব্যবহার করতেও দেখা গেছে। মারামারি তো ছিলই।

ম্যাচ শেষে পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছিল আরও আতঙ্কজনক। নিরাপত্তা কর্মীদের টপকেই মাঠের মধ্যে ঢুকে পড়েছিলেন অনেকে। তাতে বিশ্বকাপের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠেছে নতুন করে। ম্যাচের আগে অবশ্য কিছু ভক্তকে জোরপূর্বক বের করে দেওয়া হয়েছিল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে। কিন্তু পরিস্থিতি শান্ত করা যায়নি তখনও।

এমন অনাকাঙ্ক্ষিত ঘটনায় আইসিসি বাধ্য হয়েই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে।

এক মুখপাত্র জানিয়েছেন, ‘আমরা এ বিষয়ে অবগত। তাই আমরা ভেন্যুর নিরাপত্তা রক্ষীদের সঙ্গে কাজ করছি। একই সঙ্গে স্থানীয় পুলিশেরও সহায়তা নিচ্ছি। আমরা কোনওভাবে এ ধরনের আচরণ গ্রহণ করতে পারি না।’

আফগানিস্তান অধিনায়ক গুলবাদিন নাইবও ভক্তদের শান্ত থাকার আহ্বান জানালেন এমন অঘটনের পর। তিনি মনে করিয়ে দিলেন তার দেশের অতীতের কথা, ‘আমরা এখানে দেশ ও দলের হয়ে ভালো কিছু একটা রেখে যেতে চাইছি। আপনারা যদি দেখেন তাহলে দেখবেন গত ৪০ থেকে ৪৫ বছরে ভালো কিছু হয়নি সেখানে। কিন্তু আমরা বিশ্বকে দেখাতে চাই যে আমরা বন্ধুত্বই চাইছি।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.