স্পোর্টস ডেস্ক | ০৫ জুলাই, ২০১৯
আন্তর্জাতিক ক্রিকেটের কত রেকর্ড-ই তো তাঁর দখলে। সবচেয়ে বেশি রান, সবচেয়ে বেশি সেঞ্চুরি—এসব তাঁর মোটা দাগের রেকর্ড। এ ছাড়া অসংখ্য ছোট-খাটো রেকর্ড তো আছেই। এমন-ই এক রেকর্ড তিনি গড়েছিলেন যা ২৭ বছরেও কেউ ভাঙতে পারেন নি। তবে চলতি বিশ্বকাপে ৪২তম ম্যাচে গতকাল ওয়েস্ট ইন্ডিজ-আফগানিস্তানের খেলায় এ রেকর্ড নিজের করে নিলেন আফগানিস্তানের উইকেটকিপার-ব্যাটসম্যান ইকরাম আলি খিল।
আফগানিস্তানের আরেক উইকেটকিপার-ব্যাটসম্যান মোহাম্মদ শাহজাদ চোটের জন্য বিশ্বকাপ স্কোয়াড থেকে বাদ পড়ার পর স্কোয়াডে অন্তর্ভুক্ত হন ১৮ বছর বয়সী ইকরাম আলি খিল। তরুণ এই কিপার-ব্যাটসম্যানের ওপর ভরসা রেখেছিল আফগানিস্তান ক্রিকেট বোর্ড। শেষ ম্যাচে ভরসার মান রাখলেন ইকরাম। উইন্ডিজের বিপক্ষে ৮৬ রানের ঝকঝকে ইনিংস খেললেন। কিন্তু দল জিতল না। তবে ইকরামের এই ইনিংস ক্রিকেটের রেকর্ড বুকে জায়গা করে নিয়েছে ঠিকই। কারণ, এই ৮৬ রানের ইনিংস খেলে ইকরাম ভেঙে দিয়েছেন শচীন টেন্ডুলকরের ২৭ বছরের পুরোনো বিশ্বকাপ রেকর্ড।
সবচেয়ে কমবয়সী হিসেবে বিশ্বকাপে সর্বোচ্চ রানের ইনিংস খেলার রেকর্ড ছিল শচীনের। এবার সে রেকর্ড নিজের নামে করে নিলেন ইকরাম। ১৯৯২ বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে ১৮ বছর ৩২৩ দিন বয়সে ৮৪ রানের ইনিংস খেলেন শচীন। ওই বিশ্বকাপে জিম্বাবুয়ের বিপক্ষে ১৮ বছর ৩১৮ দিন বয়সে শচীন ৮১ রানও করেছিলেন। আর গতকাল ১৮ বছর ২৭৮ দিন বয়সে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৮৬ রান করে শচীনের রেকর্ড ভাঙলেন ইকরাম।