Sylhet Today 24 PRINT

তাইজুল-বিজয়কে নিয়ে শ্রীলঙ্কায় যাচ্ছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক |  ১৬ জুলাই, ২০১৯

ওপেনার এনামুল হক বিজয় ও স্পিনার তাইজুল ইসলামকে নিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ওয়ানডের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

মঙ্গলবার (১৬ জুলাই) দুপুরে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দল ঘোষণা করেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন।

বিশ্বকাপের স্কোয়াড থেকে বাদ পড়েছেন টুর্নামেন্টে কোনো ম্যাচ খেলার সুযোগ না পাওয়া পেসার আবু জায়েদ রাহী। ছুটি চাওয়ায় শ্রীলঙ্কা সফরের দলে নেই সাকিব আল হাসান ও লিটন দাস।

তিন বছর পর ওয়ানডে দলে ডাক পেয়েছেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। সাকিবের অনুপস্থিতিতে দলে একজন বাড়তি স্পিনার দরকার ছিল। এ কারণেই তাইজুলকে ডেকে পাঠানো। আর এনামুল হক বিজয় দলে ফিরলেন এক বছর পরে।

আগামী ২৬, ২৮ ও ৩১ জুলাই শ্রীলঙ্কায় তিনটি ওয়ানডে খেলবে বাংলাদেশ। ২০ জুলাই দেশ ছাড়বে মাশরাফির দল। ২৩ জুলাই একটি প্রস্তুতি ম্যাচে খেলবে তারা।

ওয়ানডের বাংলাদেশ দল: মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ মিঠুন, মোহাম্মদ সাইফ উদ্দিন, মুশফিকুর রহিম, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, সাব্বির রহমান, সৌম্য সরকার, তামিম ইকবাল, মোসাদ্দেক হোসেন, তাইজুল ইসলাম, এনামুল হক বিজয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.