Sylhet Today 24 PRINT

৬ হাজার রান ক্লাবে মুশফিক

স্পোর্টস ডেস্ক |  ২৮ জুলাই, ২০১৯

ওয়ানডে ক্রিকেটের ৬ হাজারি ক্লাবের খুব কাছে ছিলেন মুশফিকুর রহিম। মাত্র ৮ রানের দূরত্বে থাকা মুশফিক শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ম্যাচ খেলতে নেমেছিলেন। এবং এ ম্যাচেই যোগ দিলেন অভিজাত সেই ক্লাবে।

রোববার শ্রীলঙ্কার বিপক্ষে দরকার ছিল মাত্র ৮ রান। সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ইনিংসের ১৫তম ওভারে এক রান নিয়েই ছয় হাজারি ক্লাবে পা রাখেন মুশফিকুর রহিম।

বাংলাদেশের হয়ে এর আগে ৬০০০ রান করেছেন দুজন-তামিম ইকবাল ও সাকিব আল হাসান।

এমনিতে ব্যাট হাতে ছন্দেই আছেন মুশফিক। বিশ্বকাপে বেশ দাপট দেখিয়েছেন তিনি। তার পথ ধরে এবার লঙ্কানদের বিপক্ষে নতুন এই মাইলফলকে পা রাখলেন এই উইকেট কিপার-ব্যাটসম্যান।

২০০৬ সালে ওয়ানডে দলের হয়ে অভিষেক। এরপর ২১৫তম ম্যাচ আর ২০১ টি ইনিংসে ৬ হাজার পূর্ণ হলো তার।

রোববারের আগে মুশফিক ২০০ ইনিংসে ব্যাট হাতে করেন ৫৯৯২ রান। ছিল ৩৬টি হাফসেঞ্চুরি ও ৭টি সেঞ্চুরি। ক্যারিয়ারে ব্যক্তিগত সর্বোচ্চ ১৪৪, প্রতিপক্ষ শ্রীলঙ্কা।

একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রানের মালিক তামিম। ২০৩ ম্যাচে করেছেন ৬৮৯০ রান। দ্বিতীয় স্থানে সাকিব। ২০৬ ম্যাচ তার ব্যাট থেকে এসেছে ৬৩২৩।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.