Sylhet Today 24 PRINT

মার্কা লিজেন্ড অ্যাওয়ার্ড রোনালদোর

স্পোর্টস ডেস্ক |  ৩০ জুলাই, ২০১৯

স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার লিজেন্ড অ্যাওয়ার্ড জিতেছেন জুভেন্টাস তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। সাবেক রিয়াল মাদ্রিদ তারকার হাতে পুরস্কার তুলে দেন রিয়ালের প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ।

মার্কা লিজেন্ড অ্যাওয়ার্ড জিতে সম্মানিত বলে জানান ম্যানইউ এবং রিয়াল মাদ্রিদের হয়ে মাঠ কাঁপানো রোনালদো। দ্রুতই আবার মাদ্রিদে ফিরবেন বলে আশা প্রকাশ করেন।

রিয়ালে মাদ্রিদে এক দশক কাটিয়েছেন রোনালদো। ক্লাবের হয়ে সম্ভব্য সবকিছু জিতেছেন তিনি। ক্যারিয়ারের পাঁচটি ব্যালন ডি'অরের চারটি তিনি রিয়ালে জিতেছেন। চারটি চ্যাম্পিয়নস ট্রফি ছুঁয়ে দেখেছেন। লা লিগা এবং কোপা দেল রে জিতেছেন দু'বার করে।

প্রথম মৌসুমে ব্যর্থ হলেও রোনালদো আগামী মৌসুমে জুভদের হয়ে চ্যাম্পিয়নস লিগ জয়ের সংকল্পের কথা জানান। তবে মাদ্রিদ ছেড়ে যখন তুরিনে যান মন খারাপ হয়েছিল তার, 'আমি ম্যানচেস্টার এবং মাদ্রিদকে মিস করে। জীবনের তাগিদে মাদ্রিদে বেশি সময় থাকতে হয়েছে। এখানে আমার ছেলে-মেয়ের জন্ম হয়েছে। মাদ্রিদ ছেড়ে যাওয়ার সময় আমার তাই খারাপ লেগেছে। আমি এই শহরকে অনেক মিস করি।'

মার্কা লিজেন্ড পুরস্কার জিতে রোনালদো বলেন, 'এটা আমার ট্রফির জাদুঘরে ভালো একটা জায়গা পাবে। মাদ্রিদ আমার কাছে সবসময়ই বিশেষ কিছু। আর এটা মাদ্রিদেরই একটা পুরস্কার। যারা আমাকে পুরস্কার পেতে সহায়তা করেছেন, তাদেরকে ধন্যবাদ। ট্রফিটা আমার কাছে গর্বের প্রতীক। আশা করছি দ্রুতই এই শহরে ফিরতে পারবো।'

তবে পর্তুগিজ যুবরাজ রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ হয়ে স্পেনের রাজধানীতে ফিরবেন কি-না তা অবশ্য বলেননি। ক্যারিয়ারে অনেক পুরস্কার জিতেছেন রোনালদো। ট্রফি জিতেছেন ভিন্ন ভিন্ন ক্লাবের হয়ে। গেল মৌসুমেও ভালো পারফরম্যান্স দেখিয়েছেন সিআরসেভেন। তবে এতো সব ট্রফির মধ্যে পর্তুগালের হয়ে তার জেতা ইউরো সেরা বলে উল্লেখ করেন রোনালদো, 'দেশের জন্য কিছু জেতা সবসময়ই কঠিন। তবে যখন আপনি সেটা জিতবেন, ক্যারিয়ারের সেরা মুহূর্তই হবে।'

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.