Sylhet Today 24 PRINT

জয়ের জন্য ২৯৫ রানের লক্ষ্য পেলো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক |  ৩১ জুলাই, ২০১৯

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে বাংলাদেশকে ২৯৫ রানের লক্ষ্যমাত্রা দিয়েছে স্বাগতিক শ্রীলঙ্কা। টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২৯৪ রান সংগ্রহ করেছে লঙ্কানরা। সিরিজের প্রথম ম্যাচে ৯১ রানে ও দ্বিতীয় ম্যাচে ৭ উইকেটে হেরে আগেই সিরিজ হেরেছে বাংলাদেশ। সুতরাং, আজকের ম্যাচটি বাংলাদেশের জন্য হোয়াইটওয়াশ এড়ানোর লড়াই।

সিরিজ শুরুর দুই ম্যাচে প্রথমে উইকেট তুলে নেয় বাংলাদেশ। প্রথম এবং শেষ ম্যাচে শুরুতে আভিস্কাকে ফেরান তিন বছর পরে দলে ফেরা শফিউল। দ্বিতীয় ম্যাচে করুনারত্নে ফিরে যান শুরুতে। কিন্তু টাইগার বোলাররা চেপে ধরতে পারেনি লংকানদের। সিরিজের শেষ ওয়ানডে ম্যাচে ১৩ রানে প্রথম উইকেট হারায় শ্রীলংকা। আভিস্কা ফিরে যান ৬ রান করে। সেখান থেকে অধিনায়ক করুনারত্নে এবং তিনে নামা কুশল পেরেরা ৮৩ রানের জুটি এনে দেন দলকে। এরপর তাইজুল ইসলাম এবং রুবেল হোসেন পরপর দু'জনকে তুলে নেন। দলের ৯৬ রানে করুনারত্নে ৪৬ রান করে এবং ৯৮ রানে পেরেরা ৪২ করে আউট হন।

লংকানদের চেপে ধরার সুযোগটা নিতে পারেনি বাংলাদেশ। কুশল মেন্ডিস এবং অ্যঞ্জেলো ম্যাথুস গড়েন ১০১ রানের জুটি। মেন্ডিস ফিরে যান ৫৪ রান করে। তবে দুর্দান্ত ফর্মে থাকা ম্যাথুস খেলেন ৮৭ রানের বড় ইনিংস। তার সঙ্গে দাশুন সানাকা ঝড় তুলে ১৪ বলে ৩০ রান যোগ করেন। সেহান জয়সুরিয়া করেন ৭ বলে ১৩ রান। শেষ দিকে ম্যাথুসের সঙ্গে তাদের ছোট ছোট ঝড়ে বড় সংগ্রহ পায় বিশ্বকাপে পয়েন্ট টেবিলে ছয়ে থেকে শেষ করা শ্রীলংকা।

বাংলাদেশের বোলিং আক্রমণ এ ম্যাচেও গোছালো ছিল না। শুরুর ২০ ওভারেই ছয় বোলারকে আক্রমণে আনেন অধিনায়ক তামিম ইকবাল। সৌম্য-মাহমুদুল্লাহকেও এই সময়ে আক্রমণে আনে বাংলাদেশ। মিরাজকে দিয়ে আবার শেষ দিকে বোলিং করিয়েছে বাংলাদেশ। শেষটা টানতে হয়েছে সৌম্যর। দলের হয়ে শফিউল ইসলাম ভালো বোলিং করেছেন। শ্রীলংকার ৮ উইকেটের তিনটি নিয়েছেন এই পেসার। ১০ ওভারে রান দিয়েছেন ৬৮।

তিন উইকেট নিয়েছেন ইংল্যান্ড বিশ্বকাপ থেকে বাংলাদেশের বোলিংয়ে গোল্ডেন হ্যান্ড হয়ে যাওয়া সৌম্য সরকার। এছাড়া রুবেল হোসেন এবং তাইজুল ইসলাম একটি করে উইকেট নেন। বাংলাদেশ এ ম্যাচে এক বোলার কম নিয়ে মাঠে নামে। সৌম্য-মাহমুদুল্লাহদের ওপর ১০ ওভার বোলিং করার ভার পড়ে। এর মধ্যে সৌম্য একাই ৯ ওভার বোলিং করেছেন। দিয়েছেন ৫৬ রান। এছাড়া মাহমুদুল্লাহ তিন ওভার হাত ঘুরিয়েছেন। মোসাদ্দেকের বদলে বাংলাদেশ এ ম্যাচে ব্যাটসম্যান আনামুল হককে নিয়ে খেলছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.