Sylhet Today 24 PRINT

পিএসজির ফরাসি সুপার কাপ জয়

স্পোর্টস ডেস্ক |  ০৪ আগস্ট, ২০১৯

প্যারিস সেন্ট জার্মেইতে নেইমারের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা আছে। তবে ব্রাজিলীয় ফরোয়ার্ড ছাড়াও জয় পেতে সমস্যা হচ্ছে না ফরাসি জায়ান্টদের। লিগ ওয়ান শুরুর আগে রেনেকে ২-১ গোলে হারিয়ে তারা ঘরে তুলেছে ফরাসি সুপার কাপ।

শেনঝেনে শুরুতে অগ্রগামিতা পেয়েছিল রেনে। ১৩ মিনিটে হুনোর গোলে প্রথমার্ধে আধিপত্য বিস্তার করে খেলে তারা। দ্বিতীয়ার্ধে আক্রমণে ধার বাড়ানোতেই জয়ের বন্দরে নোঙর ফেলে পিএসজি।

৫৭ মিনিটে কিলিয়ান এমবাপ্পের গোলে সমতা ফেরায় তুখেলের শিষ্যরা। ৭৩ মিনিটে দুর্দান্ত এক ফ্রি কিকে জয় সূচক গোলটি করেন ডি মারিয়া।

এই শিরোপা জিতে রেকর্ডও গড়েছে পিএসজি। সপ্তমবারের মতো সুপার কাপ জিতে টপকেছে লিওঁকে। যারা শিরোপা জিতেছে ৬ বার।

দলে না থাকলেও মাঠে উপস্থিত ছিলেন নেইমার। ২৭ বছর বয়সী এই ফরোয়ার্ড শেনঝেন ইউনিভারসেইড স্পোর্টস সেন্টার স্টেডিয়ামে বসেই খেলা দেখেছেন।

তবে ম্যাচের পর ট্রফি উঁচিয়ে ধরার মুহূর্তে দলের সঙ্গে থাকলেও উদযাপনে খুব বেশি সাবলীল দেখা যায়নি তাকে। অনিশ্চিত ভবিষ্যতেরই ইঙ্গিত যা। তখন মার্কো ভেরাত্তি জোরপূর্বক নেইমারকে ভেড়ান দলের উদযাপনের মুহূর্তে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.