Sylhet Today 24 PRINT

ম্যাককালাম কেকেআরের প্রধান কোচ

স্পোর্টস ডেস্ক |  ১৬ আগস্ট, ২০১৯

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) সাবেক কিউই তারকা ব্রেন্ডন ম্যাককালামকে তাদের প্রধান কোচ নিয়োগ দিয়েছে।

ম্যাককালামের কোচিং অভিষেকে বিদায় নিতে হচ্ছে দলটির সাবেক কোচ জ্যাক ক্যালিসকে।

ম্যাককালামকে প্রধান কোচের দায়িত্ব দেওয়া প্রসঙ্গে কেকেআর জানায়, জ্যাক ক্যালিসকে আর দলটির দায়িত্বে দেখা যাবে না। সাবেক প্রোটিয়া অলরাউন্ডারের অধীনে তালিকার পঞ্চম স্থানে থেকে আইপিএল গত মৌসুম শেষ করে কলকাতা নাইট রাইডার্স। গতকাল বৃহস্পতিবার ম্যাককালামকে নতুন কোচ হিসেবে ঘোষণা করে আইপিএলে দুবারের চ্যাম্পিয়ন দলটি।

নতুন দায়িত্ব পেয়ে ব্রেন্ডন ম্যাককালাম বলেন, ‘এ ধরনের দায়িত্ব নেওয়াটা অনেক বড় সৌভাগ্যের। নাইট রাইডার্স ফ্র্যাঞ্চাইজি সিপিএল ও আইপিএলেও নিজেদের অন্যতম সেরা দল হিসেবে প্রমাণ করেছে। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে তারা দারুণ একটা মানদণ্ড প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে। কেকেআর ও টিকেআরে দুর্দান্ত দুটি দল রয়েছে। আমার সঙ্গে অসাধারণ একটি সাপোর্ট স্টাফ টিম রয়েছে। তারা আমার সঙ্গে দারুণ একটি সাফল্যের সূচনা করবে বলে আশা করি।’

কয়েক দিন আগে কানাডা গ্লোবাল টি-টোয়েন্টি লিগ খেলার পর খেলা থেকে বিদায় নেন ম্যাককালাম। তার কিছুদিন পরই ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) ক্লাব ত্রিনবাগো নাইট রাইডার্সের প্রধান কোচ হন তিনি। এবার দায়িত্ব নিলেন কলকাতা নাইট রাইডার্সের।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.