Sylhet Today 24 PRINT

টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথম বদলি খেলোয়াড়

স্পোর্টস ডেস্ক |  ১৯ আগস্ট, ২০১৯

অ্যাসেজ সিরিজের দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনেই ঘটেছিল অঘটনটি। জফরা আর্চারের ভীষণ গতির বাউন্সার আছড়ে পড়েছিল স্টিভ স্মিথের ঘাড়ে। মাঠেই লুটিয়ে পড়েন তিনি। আশঙ্কায় কেঁপে উঠেছিল ক্রিকেট বিশ্ব। প্রাথমিক শুশ্রূষা নিয়ে ড্রেসিংরুমে ফিরে গেছিলেন স্মিথ।

প্রথম অ্যাসেজ টেস্টে জোড়া সেঞ্চুরি করে স্মিথ লর্ডস টেস্টেও ভরসা জোগাছিলেন। তখন ৮০ রানে ক্রিজে ছিলেন। চোটে আক্রান্ত হয়ে ফিরে আসেন ৪০ মিনিট পর। খেলেন ৯২ রানের ইনিংস। টানা তিন সেঞ্চুরি হাতছাড়া হয় তাঁর।

তবে পঞ্চম দিন জানা যায় চোট পাওয়ায় আর ব্যাটিং করতে পারবেন না স্মিথ। তাঁর বদলে মারনাস লাবুশেন ব্যাটিং করবেন। এই লাবুশেনেই টেস্টের ইতিহাসে প্রথম পরিবর্তিত ক্রিকেটার হতে চলেছেন।

চলতি বছরের জুলাইতে আইসিসি নতুন নিয়ম চালু করে। কোনো ক্রিকেটার চোট পেয়ে মাঠ ছাড়লে তাঁর পরিবর্তে আরেকজন ক্রিকেটার ব্যাটিং বা বোলিং করতে পারবেন।

এর আগে পরিবর্তিত ক্রিকেটার শুধু ফিল্ডিং করতে পারতেন। এই প্রথম বলের আঘাত পেয়ে মাঠ ছাড়া স্মিথ পঞ্চম দিন আর মাঠে নামতে পারবেন না। লাবুশেনে যদি ব্যাটিং করেন তবে তিনিই হবেন ক্রিকেটের প্রথম বদলি ক্রিকেটার।

এদিকে ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, অ্যাসেজের তৃতীয় টেস্টে স্মিথের খেলা নিয়েও সন্দেহে রয়েছে। পাশাপাশি জানানো হয়েছে, আজ রোববার সকালে মাথা এবং কাধের ব্যথা অনুভব করছেন স্মিথ ঘুম থেকে ওঠার পর। এর পর কিছু পরীক্ষা করানো হয়। এর পরই সিদ্ধান্ত নেওয়া হয় তিনি খেলতে পারবেন না।

তবে অসি টিম ম্যানেজমেন্ট স্মিথকে তৃতীয় টেস্টে পাওয়ার ব্যাপারে আশাবাদী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.