Sylhet Today 24 PRINT

উত্তর কোরিয়ার ক্লাবের বিপক্ষে আবাহনীর জয়

এএফসি কাপ ২০১৯

স্পোর্টস ডেস্ক |  ২১ আগস্ট, ২০১৯

এএফসি কাপের ইন্টার জোনাল সেমিফাইনালের প্রথম ম্যাচে উত্তর কোরিয়ার এপ্রিল টোয়েন্টি ফাইভ ক্লাবকে ৪-৩ গোলে হারিয়েছে আবাহনী।

বুধবার (২১ আগস্ট) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বিশ্বকাপে খেলা দেশ উত্তর কোরিয়ার ক্লাবটিকে আকাশি নীল শিবির জয় তুলে নিয়েছে ৪-৩ গোলে।

ম্যাচের ৩৩ মিনিটে সোহেল রানার দুর্দান্ত গোলে এগিয়ে যায় আবাহনী। ডি বক্সের অনেক বাইরে থেকে বাঁ পায়ের শটে সোহেলের করা গোলটি ছিল দর্শনীয়।

এর দুই মিনিটের মাথাতেই এপ্রিল টোয়েন্টি ফাইভ খেলায় সমতা ফিরিয়ে আনে। গোল করেন চো জোং।

৩৭ মিনিটে নাবিব নেওয়াজ জীবন এপ্রিল টোয়েন্টি ফাইভের রক্ষণভাগকে বোকা বানিয়ে অফ সাইডের ফাঁদ ফাঁকি দিয়ে বক্সের মধ্যে ফাঁকায় বল ধরে দলকে এগিয়ে দেন তিনি।

দ্বিতীয়ার্ধের ৫৪ মিনিটে এপ্রিল টোয়েন্টি ফাইভ খেলায় সমতা ফিরিয়ে আনে। গোল করেন রিম চোল।

আবাহনীর নাইজেরীয় স্ট্রাইকার সানডে চিজোবা ৫৭ ও ৬১ মিনিটে পরপর দুই গোল করে আবাহনীকে এগিয়ে নেন ৪-২ গোলে।

ম্যাচের শেষ দিকে আবাহনীর রক্ষণে প্রচণ্ড চাপ সৃষ্টি করে এপ্রিল টোয়েন্টি ফাইভ। ৭৭ মিনিটে ব্যবধান কমান পাক সং রক।

৩১ বছর আগে এই ক্লাবের বিপক্ষে মোহামেডান জিতেছিল এশিয়ান ক্লাব কাপে। আগামী ২৮ আগস্ট পিওংইওনে দ্বিতীয় লেগের ম্যাচটি অনুষ্ঠিত হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.