Sylhet Today 24 PRINT

আরও এক দক্ষিণ আফ্রিকান পেল ক্রিকেট দল

স্পোর্টস ডেস্ক |  ২৮ আগস্ট, ২০১৯

ক্রিকেট দলের নতুন ফিজিও হিসেবে নিয়োগ পেয়েছেন জুলিয়ান ক্যালেফাতো

বাংলাদেশ পুরুষ ক্রিকেট দলের সাপোর্ট স্টাফে যোগ হচ্ছেন আরেকজন দক্ষিণ আফ্রিকান। নতুন ফিজিও হিসেবে নিয়োগ পেয়েছেন জুলিয়ান ক্যালেফাতো।

গত বিশ্বকাপের পর শ্রীলঙ্কান বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান ফিজিও তিহান চন্দ্রমোহনের চুক্তি নবায়ন করেনি বিসিবি।

আফগানিস্তানের বিপক্ষে চট্টগ্রাম টেস্টের আগেই দলের সঙ্গে যোগ দেবেন ৪০ বছর বয়সী এই ফিজিও। নতুন নিয়োগ পাওয়া ক্যালেফাতোর মেয়াদ ২০২১ সালের নভেম্বর পর্যন্ত।

বাংলাদেশের সাপোর্ট স্টাফে দক্ষিণ আফ্রিকান হলেন এখন পাঁচজন। প্রধান কোচ রাসেল ডমিঙ্গোর সঙ্গে আছেন বোলিং কোচ শার্ল ল্যাঙ্গাভেল্ট, ফিল্ডিং কোচ রায়ান কুক ও সীমিত ওভারের ব্যাটিং কোচ নিল ম্যাকেঞ্জি। ক্যালেফাতো অবশ্য পুরোপুরি দক্ষিণ আফ্রিকান নন, ইতালিয়ান বংশোদ্ভূত।

জাতীয় দলের সঙ্গে এটিই জুলিয়ানের প্রথম দায়িত্ব। তবে ফিজিও হিসেবে তিনি বেশ অভিজ্ঞ। এর আগে কাজ করেছেন গ্লস্টারশায়ার, ডার্বিশায়ার কাউন্ট ক্রিকেট ক্লাবে, দক্ষিণ আফ্রিকার ওয়েস্টার্ন প্রোভিন্স দলে। ইংল্যান্ড জাতীয় দলে না হলেও কাজ করেছেন ইসিবির সঙ্গে।

ক্রিকেট ছাড়াও সেইলিং, রাগবি ইউনিয়ন, আইস হকিসহ অন্য আরও কিছু খেলায় বিভিন্ন দলের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা আছে ক্যালেফাতোর।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.