Sylhet Today 24 PRINT

মোহাম্মদ শামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

স্পোর্টস ডেস্ক |  ০৩ সেপ্টেম্বর, ২০১৯

ভারতীয় তারকা ক্রিকেটার মোহাম্মদ শামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে দেশটির আদালত।

ভারতের আলিপুরের অতিরিক্ত মুখ্য দায়রা আদালত এ তারকা পেসারের বিরুদ্ধে স্ত্রী হাসিন জাহানকে নির্যাতন, ধারালো অস্ত্র ও বিষপানে খুনের চেষ্টাসহ একাধিক অভিযোগে দায়ের করা মামলায় এ আদেশ দেন।

শুধু শামিই নন। তার ভাই হাসিদ আহমেদের বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

মোহাম্মদ শামি বর্তমানে ওয়েস্ট ইন্ডিজ সফরে রয়েছেন। সোমবার আদালতের পক্ষ থেকে জানানো হয়, বিদেশ সফরে থাকায় অতিরিক্ত ১৫ দিন সময় দেয়া হয়েছে শামিকে। তবে তার ভাইয়ের বিরুদ্ধে সোমবার থেকেই গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়।

আদালতে হাজিরা না দেয়ার কারণেই শামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। দেশে ফিরে জামিনের জন্যও আবেদন করতে পারবেন শামি।

গত বছর স্বামীর বিরুদ্ধে বিবাহবহির্ভূত সম্পর্ক, বধূ নির্যাতনসহ একাধিক অভিযোগ করেছিলেন হাসিন। এমনকি শামির ভাইয়ের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছিলেন তিনি। ভারতীয় দণ্ডবিধির ৪৯৮-এ ধারায় শামি ও তার ভাইয়ের বিরুদ্ধে মামলা দায়ের হয়। মামলা হলেও একবারও আলিপুরের অতিরিক্ত মুখ্য দায়রা আদালতে হাজিরা দেননি শামি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.