Sylhet Today 24 PRINT

ভুল হয়ে গেছে, মাফ করে দেন: অর্থমন্ত্রী

সিলেটটুডে ডেস্ক |  ০৫ সেপ্টেম্বর, ২০১৯

মঙ্গলবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছিলেন, এ বছর বিপিএল হচ্ছে না। চব্বিশ ঘণ্টার মধ্যে সে বক্তব্য ফিরিয়ে নিলেন বিসিবির সাবেক এই সভাপতি। বিষয়টি নিয়ে দুঃখ প্রকাশ করার পাশাপাশি তিনি জানান, আইসিসির সঙ্গে সাংঘর্ষিক কিছু না থাকলে এ বছরই মাঠে গড়াবে বিপিএলের সপ্তম আসর।

বুধবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ সম্মেলনকক্ষে মুস্তফা কামাল বলেন, ‘বিপিএল হবে না এই মুহূর্তে এটা আমি বলতে পারব না। এটা বিসিবিকেই করতে হবে। আমার বিশ্বাস আইসিসির সঙ্গে সাংঘর্ষিক কিছু না থাকলে অবশ্যই বিসিবি বিপিএল আয়োজন করবে। আর বিপিএল করলে আমরা সেখানে থাকব।‘

আগেরদিনের ঘোষণার জন্য দুঃখ প্রকাশ করে অর্থমন্ত্রী আরো বলেন, ‘বিপিএল হবে না সেটা বলেছিলাম, আমি ক্রিকেট থেকে অনেক দূরে, আমার ভুলভ্রান্তি হতে পারে। আমরা কুমিল্লা ভিক্টোরিয়ান্স ফ্রাঞ্চাইজি নিয়ে বিপিএলে অংশ নেই। সেখানে বিদেশি প্লেয়ার প্রয়োজন হয়, সেখানে যা যা লাগে তার জন্য আমার একজন বন্ধু রয়েছে। তার কাছে জানতে চেয়েছিলাম তুমি কতটুকু প্রস্তুত। সে আমাকে জানায় এবার বিপিএল করতে পারবে না। কেন পারবে না জানতে চাইলে, সে জানায় এক বছরে দুটি বিপিএল হয় না, তোমরা একটি করে ফেলেছ। সেটা বিশ্বাস বলেছি এ বছর বিপিএল হবে না। রাতেই গণমাধ্যমে মেসেজ দিয়েছি। বলেছি ভুল হয়ে গেছে, মাফ করে দেন। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যখনই বিপিএল আয়োজন করবে এবং আমাদের আমন্ত্রণ জানালে আমরা প্রস্তুত।’

সপ্তম আসর থেকে নতুন চক্রে মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। গত মাসে একে একে ফ্র্যাঞ্চাইজি মালিকদের সঙ্গে বসেছে বিপিএল গভর্নিং কাউন্সিল। তবে এখন পর্যন্ত কোনো চুক্তি নবায়ন হয়নি। নতুন নিয়ম-কানুন ঠিক হয়নি। সাত নাকি আট দল সেটার সিদ্ধান্তও আসেনি। সব মিলিয়ে অনিশ্চয়তায় ঘেরা দেশের সবচেয়ে জমজমাট টুর্নামেন্টটি।

এর মধ্যেই এ বছর বিপিএলের সপ্তম আসর হচ্ছে না বলে ঘোষণা দেন অর্থমন্ত্রী। তিনি বলেন, ‘এ বছর বিপিএল হবে না। আমার সময়ে তৈরি করা আইনে আছে এক বছরে দুইবার বিপিএল হবে না। সে হিসাবে এ বছর বিপিএল হওয়ার কোনো সুযোগ নেই। আশা করছি আগামী বছর হবে।’

এরপর বিষয়টি নিয়ে বিপিএল পরিচালনা পরিষদের চেয়ারম্যান শেখ সোহেল এনটিভি অনলাইনকে বলেন, ‘বিপিএল হবে কি না- এই ঘোষণা শুধু বিপিএল গভর্নিং কাউন্সিলের সভাপতি অথবা বিসিবি সভাপতি দিতে পারেন। এ বছর বিপিএল না হওয়ার কোনো সিদ্ধান্ত বা আলোচনা হয়নি। কোনো ফ্র্যাঞ্চাইজি মালিকের সঙ্গে চুক্তিও হয়নি। কেউ এখন চুক্তবদ্ধ না। বিপিএল হবে না এমন কথার কোনো ভিত্তি নেই। কোনো সিদ্ধান্ত হলে অবশ্যই সবাইকে জানানো হবে।’

আগামী ৬ ডিসেম্বর বিপিএলের সপ্তম আসর শুরুর সময় নির্ধারণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। হাতে বাকি মাত্র দুই মাস। এই সময়ের মধ্যে সব নিয়ম-কানুন সেরে বিপিএল আয়োজন আসলেই কতটা সম্ভব। শেখ সোহেলের মন্তব্য, ‘আসলে আপনারা জানেন এক বছরে দুইটা বিপিএল করা একটু কঠিন। সেটার জন্য আমাদের কাজ, কর্মের চাপ একটু বেশি। ফ্র্যাঞ্জাইজির পরিবর্তন আসবে আবার অনেকে নতুন ফ্র্যাঞ্জাইজিও নিতে ইচ্ছুক৷সবকিছু মিলিয়ে আগাচ্ছি। এখনো কিছুর চূড়ান্ত সময় ঠিক হয়নি। আমরা সবার সঙ্গে কথা বলছি৷ আশা করে আমরা খুব তাড়াতাড়ি সবকিছু শেষ করে ফেলব। আমরা আশা করি ৫ ডিসেম্বর বিপিএল হবে। আমরা সেভাবে প্রস্তুতি নিয়েই সামনে এগিয়ে যাচ্ছি৷ আমাদের সবার সাথে কাথাবার্তা শেষ। আর আমাদের এটা নিয়ে কাজের কোনো কমতি নেই।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.