স্পোর্টস ডেস্ক | ০৫ সেপ্টেম্বর, ২০১৯
ক্রিশ্চিয়ানো রোনালদো, লিওনেল মেসি ও ফন ডাইক
ফিফা ‘দ্য বেস্ট’ বিজয়ীর নাম ২৩ সেপ্টেম্বর ঘোষিত হবে। চলছে ভোটদান পর্ব। বিশ্বসেরা ফুটবলার নির্বাচনে বাংলাদেশের প্রতিনিধিরাও দিয়েছেন ভোট। ভোট দিচ্ছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ জেমি ডে ও অধিনায়ক জামাল ভূঁইয়া।
ফিফা ‘দ্য বেস্ট’ এ ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসির সঙ্গে লড়াই হবে লিভারপুল সেন্টারব্যাক ভার্জিল ফন ডাইকের। মিলানে ২৩ সেপ্টেম্বর কার মুখে ফুটবে শেষ হাসি তা সময়ই বলে দেবে।
ফন ডাইক ইতোমধ্যেই উয়েফা বর্ষসেরা জিতেছেন, এটা আবার রোনালদো ও মেসিকেই হারিয়ে। পারবেন কি তিনি ফিফার এই পুরস্কার জিততে দুই গ্রেটকে পেছনে ফেলতে?
ভোটাভুটির এই পর্বে মেসি ও রোনালদো বাংলাদেশ থেকে পেয়েছেন দুটি ভোট। বাংলাদেশ থেকে একটি ভোট পেয়েছেন ফন ডাইকও। ধারাবাহিকভাবে এই তিনজনই পেয়েছেন কোচ জেমি ডের ভোট। তবে জেমির প্রথম ভোটটা গিয়েছে মেসির বাক্সে, ‘আমি প্রথম, দ্বিতীয় ও তৃতীয়র ক্ষেত্রে ধারাবাহিকভাবে মেসি, রোনালদো ও ফন ডাইককে ভোট দিয়েছি।’
বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়ার ভোটও পেয়েছেন মেসি ও রোনালদো। তবে বাংলাদেশ দলের এই হোল্ডিং মিডফিল্ডারের তৃতীয় ভোটটি পেয়েছেন বেলজিয়াম ও রিয়াল মাদ্রিদের মিডফিল্ডার এডেন হ্যাজার্ডের বাক্সে, ‘প্রথম ও দ্বিতীয় ভোটটা দিয়েছি মেসি ও রোনালদোকে এবং হ্যাজার্ড পেয়েছেন তৃতীয় ভোটটা।’