স্পোর্টস ডেস্ক | ০৫ সেপ্টেম্বর, ২০১৯
ফাইল ছবি
টেস্টে সবচেয়ে কম বয়সে নেতৃত্ব দেওয়ার বিশ্বরেকর্ড গড়েছেন আফগানিস্তান অধিনায়ক রশিদ খান। ওয়ানডেতে সবচেয়ে কম বয়সে নেতৃত্ব দেওয়ার রেকর্ডও রশিদের।
চট্টগ্রাম টেস্টে বাংলাদেশের বিপক্ষে টস করতে নেমে বিশ্ব রেকর্ডই গড়েছেন আফগানিস্তানের এ অধিনায়ক। মুদ্রা নিক্ষেপের ভাগ্যপরীক্ষায় জিতে এ রেকর্ডটি যেন আরও রাঙিয়ে দিলেন রশিদ।
টেস্ট ইতিহাসে এর আগে সবচেয়ে কম বয়সে নেতৃত্ব দেওয়ার রেকর্ডটি ছিল টাটেন্ডা তাইবুর দখলে। ২০০৪ সালে হারারেতে শ্রীলঙ্কার বিপক্ষে ২০ বছর ৩৫৮ দিন বয়সে দলকে নেতৃত্ব দিয়েছিলেন টাইবু। তার চেয়ে ৮ দিনের ব্যবধানে এগিয়ে থেকে রেকর্ডটি নতুন করে লেখালেন রশিদ। ২০ বছর ৩৫০ দিন বয়সে আফগানিস্তানের নেতৃত্ব দিচ্ছেন তিনি।
টেস্টে সবচেয়ে কম বয়সে দলকে নেতৃত্ব দেওয়ার এ রেকর্ডের শীর্ষ দশে দুজন বাংলাদেশিও আছেন। ২০০৯ ওয়েস্ট ইন্ডিজ সফরে মাশরাফি বিন মুর্তজার আকস্মিক চোটে অধিনায়কের নেতৃত্বভার পাওয়া সাকিব গ্রেনাডা টেস্টে দলকে নেতৃত্ব দেন ২২ বছর ১১৫ দিন বয়সে। আর ২০০৭ সালে মোহাম্মদ আশরাফুল যখন শ্রীলঙ্কার বিপক্ষে নেতৃত্ব দিতে নামেন, তখন তার বয়স ছিল ২২ বছর ৩৫৩ দিন।
ওয়ানডেতে সবচেয়ে কম বয়সে দলকে নেতৃত্ব দেওয়ার রেকর্ডটি গত বছর গড়েন রশিদ। বুলাওয়েতে আইসিসি বিশ্বকাপ বাছাইপর্বে ১৯ বছর ১৬৫ দিন বয়সে নেতৃত্ব দিয়েছিলেন আফগানিস্তানের। আর এ পথে তিনি ভেঙে ফেলেন এক বাংলাদেশির গড়া রেকর্ড। রশিদের আগে ওয়ানডেতে সবচেয়ে কম বয়সে নেতৃত্ব দেওয়ার রেকর্ডটি ছিল রাজিন সালেহর দখলে। বার্মিংহামে ২০০৪ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২০ বছর ২৯৭ দিন বয়সে বাংলাদেশের নেতৃত্ব দিয়েছিলেন রাজিন।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে কম বয়সে নেতৃত্ব দেওয়ার রেকর্ড বতসোয়ানা অধিনায়ক সেপো ফাসোয়ানার। এ বছরের মে মাসে ২০ বছর ২২৪ দিন বয়সে দেশের নেতৃত্ব দেন তিনি। এ সংস্করণে সবচেয়ে কম বয়সে নেতৃত্ব দেওয়ার তালিকায় শীর্ষ চারে আছেন এক বাংলাদেশিও। ২০০৬ সালে খুলনায় জিম্বাবুয়ের বিপক্ষে ২১ বছর ২১১ দিন বয়সে বাংলাদেশের নেতৃত্ব দিয়েছিলেন শাহরিয়ার নাফীস। তাঁর চেয়ে কম বয়সে নেতৃত্ব দিয়েছেন যথাক্রমে—বারমুডার রডনি ট্রট, অস্ট্রিয়ার রাজমাল শিগিওয়াল ও বতসোয়ানার সেপো ফাসোয়ানা।