Sylhet Today 24 PRINT

দ্রুততম ১০০ উইকেট তাইজুলের

স্পোর্টস ডেস্ক |  ০৫ সেপ্টেম্বর, ২০১৯

মোহাম্মদ রফিক ও সাকিব আল হাসানের পর তৃতীয় বাংলাদেশি হিসেবে টেস্টে শততম উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন তাইজুল ইসলাম। বাকি দুজনের চেয়ে কম টেস্ট খেলে মাইলফলকে পৌঁছালেন এই বাঁহাতি স্পিনার।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ত্রয়োদশ ওভারে বল করতে এসেই রেকর্ড বইয়ে নাম লেখান তাইজুল।

ওভারের দ্বিতীয় বলটি মিড স্টাম্প বরাবর ফেলেছিলেন তাইজুল। খানিকটা বেরিয়ে তা ইহসানুল্লাহ জাদরানকে পরাস্ত করে ভেঙে দেয় স্টাম্প।

ক্যারিয়ারের ২৫তম টেস্টে ৪৪ ইনিংসে ১০০ উইকেট নিলেন তাইজুল। এর আগে নিজের ২৮তম টেস্টে একশো উইকেট স্পর্শ করেছিলেন সাকিব আল হাসান।

বাংলাদেশের সবার আগে একশো উইকেটে পৌঁছান মোহাম্মদ রফিক। ৩৩ টেস্টে একশো উইকেট নিয়েই অবসরে যান টেস্টের শুরুর দিকে বাংলাদেশের অনেক সাফল্যের নায়ক রফিক।

টেস্টে বাংলাদেশের হয়ে সেরা তিন উইকেটশিকারীই বাঁহাতি স্পিনার। অধিনায়ক সাকিব ৫৬ টেস্টে এখন পর্যন্ত নিয়েছেন ২০৫ উইকেট। তারপরেই একশো উইকেট নিয়ে আছেন রফিক আর তাইজুল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.