স্পোর্টস ডেস্ক | ০৬ সেপ্টেম্বর, ২০১৯
ইউরো বাছাইপর্বে আরও এক জয় পেয়েছে স্পেন। প্রতিপক্ষের মাঠে বৃহস্পতিবার ‘এফ’ গ্রুপের পঞ্চম রাউন্ডে সের্হিও রামোস ও পাকো আলকাসেরের গোলে রোমানিয়াকে হারায় সাবেক ইউরোপ চ্যাম্পিয়নরা।
পাঁচ ম্যাচের সবকটিতে জিতে ১৫ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষস্থান মজবুত করল স্পেন।
২৯তম মিনিটে ডিফেন্ডার রামোসের সফল স্পট কিকে এগিয়ে যায় অতিথিরা। সম্প্রতি রিয়াল মাদ্রিদ থেকে ধারে আর্সেনালে যোগ দেওয়া মিডফিল্ডার দানি সেবাইয়োস ডি-বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টিটি পায় তারা। জাতীয় দলের হয়ে অধিনায়ক রামোসের এটি ২১তম গোল।
পাসিং ফুটবলের পসরা মেলে ধরে দ্বিতীয়ার্ধের দ্বিতীয় মিনিটে ব্যবধান দ্বিগুণ করে সবশেষ ২০১২ সালে ইউরো জয়ীরা। বাঁ থেকে জর্দি আলবার পাস ছোট ডি-বক্সের বাইরে পেয়ে অনায়াসে জালে ঠেলে দেন চলতি মৌসুমে এরই মধ্যে বরসিয়া ডর্টমুন্ডের হয়ে চার গোল করা আলকাসের।
কোণঠাসা হয়ে পড়া রোমানিয়া ৫৯তম মিনিটে ফরোয়ার্ড ফ্লোরিন আন্দোনের হেডে ব্যবধান কমায়।
৭৯তম মিনিটে পাল্টা আক্রমণে ছুটে যাওয়া রোমানিয়ার ফরোয়ার্ড পুসকাসকে ডি-বক্সের মুখে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন স্পেনের ফের্নান্দো লরেন্তে।
আগামী রোববার পরের ম্যাচে ২০১০ সালের বিশ্ব চ্যাম্পিয়নরা ঘরের মাঠে ফারো আইল্যান্ডসের মুখোমুখি হবে।
ফারো আইল্যান্ডসকে ৪-০ গোলে উড়িয়ে দেওয়া সুইডেন ১০ পয়েন্ট নিয়ে আছে দুই নম্বরে। আর মাল্টাকে ২-০ গোলে হারানো নরওয়ে ৮ পয়েন্ট নিয়ে আছে তৃতীয় স্থানে।