স্পোর্টস ডেস্ক | ০৬ সেপ্টেম্বর, ২০১৯
কোপা আমেরিকা টুর্নামেন্টে লালকার্ড দেখে তিন ম্যাচের নিষেধাজ্ঞায় পড়া লিওনেল মেসি দলে নেই, দলে নেই আক্রমণভাগের আরেক অস্ত্র সের্হিং আগুয়েরো; এমন অবস্থায় ম্যাচ জিততে বাকিদের যা করার কথা সেগুলো হয়নি। ফলে গোলশূন্য ড্র করল আর্জেন্টিনা। চিলির বিপক্ষে জয় পাওয়া হয়নি লিওনেল স্কালোনির দলের। তবে হারেওনি তারা।
লস অ্যাঞ্জেলসে বাংলাদেশ সময় শুক্রবার সকালে প্রীতি ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে।
জুলাইয়ে কোপা আমেরিকার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে সবশেষ মুখোমুখি দেখায় চিলিকে ২-১ গোলে হারিয়েছিল আর্জেন্টিনা।
দুবারের বিশ্ব চ্যাম্পিয়নদের ম্যাচের শুরুটা হতে পারতো দারুণ। তবে ত্রয়োদশ মিনিটে পাওলো দিবালার দূরপাল্লার জোরালো শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। প্রথমার্ধ জুড়ে এরকম বেশ কয়েকবার সম্ভাবনা জাগিয়েও জালের দেখা পায়নি দলটি।
বিরতির ঠিক আগে জিওভানি লো সেলসোর ডি-বক্সের বাইরে থেকে নেওয়া ভলিও পোস্ট ঘেঁষে চলে যায়।
৬০তম মিনিটে ম্যাচে প্রথম ও সেরা সুযোগটি পায় চিলি। তবে ডি-বক্সের মধ্যে থেকে মিডফিল্ডার সেসার পিনারেসের বাঁ পায়ের শট ক্রসবারে লাগে।
শেষদিকে আরও একটি হেড ক্রসবারে লেগে ফিরে আসলে হতাশার ড্র নিয়ে মাঠ ছাড়তে হয় আর্জেন্টিনাকে।